ওবামার সমালোচনা করলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী
আফগানিস্তান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আচরণের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। মার্কিন সংবাদমাধ্যম গত মঙ্গলবার জানায়, ডিউটি: মেমোয়ার্স অব এ সেক্রেটারি অব ওয়ার শিরোনামে লেখা একটি বইয়ে গেটস লিখেছেন, আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের রণকৌশলের সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন ওবামা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বর্তমান প্রেসিডেন্ট ওবামার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে গেটসের। তিনিই প্রথম মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দুটি ভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করেন। তিনি স্মৃতিকথায় লেখেন, ‘আফগানিস্তানে যুদ্ধরত সেনাবাহিনীর প্রতি ওবামার সমর্থন নিয়ে আমার কখনো সন্দেহ হয়নি। কেবল ওই অভিযান নিয়ে ওবামার আস্থার ব্যাপারে আমার সন্দেহ ছিল।’
ওবামাকে ‘ব্যক্তিগত জীবনে ন্যায়পরায়ণ একজন মানুষ’ হিসেবে উল্লেখ করেন গেটস। আফগানিস্তান যুদ্ধ নিয়ে ওবামার সিদ্ধান্ত যথার্থ ছিল বলেও মন্তব্য করেন সাবেক ওই প্রতিরক্ষামন্ত্রী। তবে তিনি মনে করেন, আফগানিস্তান ও ইরাক যুদ্ধ নিয়ে ওবামার মধ্যে অস্বস্তি ছিল এবং বুশ প্রশাসনের কাছ থেকেই তিনি সেটি পেয়েছিলেন। সামরিক বাহিনী ওবামার সামনে বিভিন্ন সিদ্ধান্তের সম্ভাব্য বিকল্প উপস্থাপন করেছিল। তবে ওই সব বিকল্পে তাঁর যথেষ্ট আস্থার অভাব ছিল। গেটস লিখেছেন, ২০১১ সালের মার্চে আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী জেনারেল ডেভিড পেট্রাউসকে বিশ্বাস করেননি ওবামা। এ ছাড়া তিনি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও ‘সহমত হতে পারেননি’। প্রেসিডেন্ট ওবামা আসলে যুদ্ধটিকে নিজের বলে মনে করতে পারছিলেন না। ওয়াশিংটন পোস্ট বলছে, গেটসের স্মৃতিকথায় একধরনের তিক্ত ভাষাভঙ্গি বা মনোভাব লক্ষণীয়। এতে ওবামা প্রশাসন সম্পর্কে সাবেক ওই প্রতিরক্ষামন্ত্রীর হতাশাও ফুটে ওঠে। কারণ, পেন্টাগনের কাজকর্মে তখন নিয়মিত হস্তক্ষেপ করছিল হোয়াইট হাউস।
ওসামা বিন লাদেনকে হত্যায় মার্কিন অভিযান অনুমোদনের কৃতিত্ব অবশ্য ওবামাকেই দিয়েছেন গেটস। বিবিসি।