ওবামার সর্বজনীন স্বাস্থ্য বিমা নিয়ে আইনি লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সর্বজনীন স্বাস্থ্যবিমা আইন এখন আদালতের কাঠগড়ায়। বহুল আলোচিত এই স্বাস্থ্যবিমার শাসনতান্ত্রিক বৈধতা নিয়ে শুরু হয়েছে আইনি লড়াই। ক্ষমতা গ্রহণের পর রক্ষণশীলদের তীব্র বিরোধিতার পরও সর্বজনীন স্বাস্থ্যবিমা আইন প্রণয়নে সক্ষম হন প্রেসিডেন্ট বারাক ওবামা। আদালতের রায়ে আইনটি বাতিল হলে তাঁর সবচেয়ে বড় অর্জন ম্লান হবে বলে মনে করছেন উদার নীতির অনুসারীরা। যুক্তরাষ্ট্রে বাসরত নাগরিকদের ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই ব্যয়বহুল আইন প্রণীত হয় ২০১০ সালে। প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পরও প্রায় দুই বছর তাঁকে এ আইন প্রণয়নের জন্য একের পর এক বিরোধিতা সামাল দিতে হয়েছে। পর্যায়ক্রমে চালু হওয়া এ আইনে সব নাগরিকের জন্য স্বাস্থ্যবিমা ক্রয় বাধ্যতামূলক করা হয়েছে। কর্মজীবীরা নিয়োগকর্তার মাধ্যমে বিমা কেনার সুবিধা পাবেন। কর্মহীন ও অসচ্ছলরা সরকারি ভর্তুকি নিয়ে স্বাস্থ্যবিমা কিনতে পারবেন।ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল শুরুতেই এ আইনের শাসনতান্ত্রিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। তাঁর সঙ্গে যোগ দেন আরও ২৪টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। কার্যত রক্ষণশীলদের মুখপাত্র হিসেবে তাঁরা সর্বজনীন এ আইনকে যেকোনো উপায়ে ঠেকানোর জন্য তৎপর। গত সোমবার থেকে স্বাস্থ্যবিমার বৈধতা নিয়ে তিন দিনের শুনানি গ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে রক্ষণশীলদের মূল বক্তব্য হচ্ছে, স্বাস্থ্যবিমা কিনতে কেন্দ্রীয় সরকার জনগণকে বাধ্য করতে পারে না। ব্যক্তিগত ইচ্ছার ওপর এমন হস্তক্ষেপ করার অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধান সরকারকে দেয়নি।