ওবামার স্বাস্থ্যনীতি বাতিলে ১২ জানুয়ারি ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকারের ব্যয়ভার আমাদের গ্রাস করে ফেলেছে। ঋণের বোঝা অচিরেই আমাদের অর্থনীতিকে ম্লান করে দেবে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ১১২তম কংগ্রেসে প্রয়োজন কঠোর পরিশ্রম ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ।’ মার্কিন সরকারের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি, প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) নতুন স্পিকার জন বোয়েনার (৬১) গত বুধবার এসব কথা বলেছেন। প্রথম অধিবেশন শুরুর আগেই রিপাবলিকান পার্টির বোয়েনারের কাছে স্পিকারের দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী স্পিকার ও ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। পরে নতুন স্পিকার স্বাস্থ্যনীতি রদের প্রশ্নে ১২ জানুয়ারি হাউসে ভোটের আহ্বান জানান। তবে এ ভোটকে প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কারণ, উচ্চকক্ষ তথা সিনেটে ডেমোক্র্যাটরা এখনো সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে এবং প্রেসিডেন্ট এতে ভেটোক্ষমতা প্রয়োগ করতে পারবেন। গত ২ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পায়। ৪৩৫ আসনবিশিষ্ট প্রতিনিধি পরিষদে ২৪২ আসন রিপাবলিকানদের দখলে যায়। আর ডেমোক্র্যাটরা পায় ১৯৩ আসন।প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর রিপাবলিকানরা প্রেসিডেন্ট ওবামার নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে। তাঁরা স্বাস্থ্যসেবা বিল বাতিলের উদ্যোগ গ্রহণে জোর তৎপরতা শুরু এবং আইনপ্রণেতাদের অফিস-ব্যয় সংকোচনসহ বেশ কিছু চ্যালেঞ্জ নেওয়ার আভাস দিয়েছেন। স্পিকার বোয়েনার তাঁর উদ্বোধনী বক্তৃতায় সতর্ক করে দিয়ে বলেন, ‘এক কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে আজ আমরা এখানে সমবেত হয়েছি।’ এদিকে হাউসের খরচ পাঁচ শতাংশ কমিয়ে আনতে রিপাবলিকানদের ব্যয়সংকোচন নীতির প্রতি ডেমোক্র্যাটরাও সমর্থন জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের বার্ষিক ব্যয় তিন হাজার ৬০০ কোটি ডলার কমে আসবে। এএফপি/বিবিসি/এপি। নিউইয়র্ক প্রতিনিধি জানান, দায়িত্ব হস্তান্তরের পর বিদায়ী স্পিকার পেলোসি বলেছেন, ‘আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। তবে সমঝোতা সম্ভব নয়, এমন বিষয়ে শক্ত অবস্থানে অনঢ় থাকার ঘোষণা দেন তিনি। গত বুধবার কংগ্রেসে নতুন যোগ দিয়েছেন ৯৪ জন আইনপ্রণেতা। এর মধ্যে ৮৫ জনই রিপাবলিকান। সিনেটে যোগ দিয়েছেন ১৬ জন, যার অধিকাংশ রিপাবলিকান।