ওবামার স্বাস্থ্যসেবা আইনের পক্ষে আদালতের রায়
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা আইনের পক্ষে রায় দিয়েছেন। রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলেছেন, কর আইন প্রণয়নের মতো জনগণকে স্বাস্থ্যবিমা ক্রয়ে বাধ্য করার ক্ষমতা কংগ্রেসের রয়েছে। এ রায়কে ওবামার রাজনৈতিক বিজয় বলে মনে করা হচ্ছে।ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রে ভেঙে পড়া স্বাস্থ্যনীতি সংস্কারের উদ্যোগ নেন। ২০১০ সালে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে প্রচণ্ড বিতর্কের পর সর্বজনীন স্বাস্থ্য আইন প্রণয়ন করা হয়। ওবামা কেয়ার নামে পরিচিত এ স্বাস্থ্যসেবা আইনে যুক্তরাষ্ট্রে সবার জন্য স্বাস্থ্যবিমা নিশ্চিত করার বিধান রয়েছে। রক্ষণশীলদের পক্ষ থেকে এ আইনের তীব্র বিরোধিতা করা হচ্ছে। একের পর এক অঙ্গরাজ্য সরকারের পক্ষ থেকে আপত্তি ওঠানো হয়েছে। রাষ্ট্রযন্ত্র স্বাস্থ্যবিমা কেনার জন্য জনগণকে বাধ্য করতে পারে না। রক্ষণশীল অঙ্গরাজ্যগুলো থেকে বিষয়টি নিয়ে আদালতে মামলা শুরু হয়।গত মার্চে মামলার দীর্ঘ শুনানির সময় ধারণা করা হচ্ছিল, ওবামা কেয়ার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়বে। রাজনৈতিক মতাদর্শে বিভক্ত মার্কিন সুপ্রিম কোর্টে এখন রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা।বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে ‘ওবামা কেয়ার’ রক্ষা পেয়েছে। প্রধান বিচারক জন রবার্ট পক্ষে অবস্থান নেওয়ায় ওবামা কেয়ার রক্ষা পেয়েছে বলে মনে করা হচ্ছে।