বোমা দিয়ে যুক্তরাষ্ট্রগামী বিমানে ব্যাপক হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে নাইজেরীয় চরমপন্থী ওমর ফারুক আবদুল মোতালেবকে। গত বুধবার যুক্তরাষ্ট্রের মিশিগান ডিস্ট্রিক্ট আদালত ওমরকে অভিযুক্ত করেন। গত ২৫ ডিসেম্বর ওমর পোশাকের ভেতর গোপন বোমা নিয়ে নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে যুক্তরাষ্ট্রগামী নর্থওয়েস্ট এয়ারলাইনস ফ্লাইট ২৫৩ বিমানে ওঠেন। বোমায় পেনটায়েরিথ্রিটল টেট্রানিট্রেট, ট্রিয়াসিটোন ট্রিপেরোক্সাইডসহ অন্যান্য শক্তিশালী বিস্ফোরক ছিল। বোমার বিস্ফোরণ ঘটানোর সময় তাঁকে আটক করা হয়।বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওমরের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা চেষ্টার অভিযোগ প্রমাণ করা গেলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। হত্যাচেষ্টার সর্বোচ্চ শাস্তি হবে ২০ বছরের কারাদণ্ড। সেই সঙ্গে বিধ্বংসী বোমা বহনের দায়ে তাঁর আরও ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এক বিবৃতিতে জানান, ‘বিশ্বব্যাপী দ্রুতগতিতে এ ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে গোয়েন্দা তত্পরতা বাড়ানো হয়েছে, যাতে আমরা ঘটনার উত্স বুঝতে পারি।’তিনি প্রতিজ্ঞা করে বলেন, ‘এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আমাদের সরকারের পক্ষে সম্ভব এমন সামরিক বা বিচারিক সব উপায় ব্যবহার করে আইনের আওতায় আনা হবে।’এদিকে ওমরের ব্যাপারে আগাম তথ্য পেয়েও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের কড়া সমালোচনা করেন। হোয়াইট হাউসে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট নিরাপত্তাবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকে ওবামা বলেন, ‘এটা পরিষ্কার যে গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে সমন্বয় ছিল না। এটা গ্রহণযোগ্য নয় এবং আমি এটা সহ্য করব না।’ লস অ্যাঞ্জেলেস টাইমস তাদের প্রতিবেদনে জানায়, সীমান্ত নিরাপত্তাকর্মীরা জানতেন যে ওমর ডেট্রয়েটগামী বিমানে ছিলেন। তবে তিনি কোথায় নামবেন, সেটা নিয়ে তাঁদের প্রশ্ন ছিল।কর্মকর্তারা দৈনিক পত্রিকাটিকে জানান, আমস্টারডাম থেকে বিমানে ওঠার পর গোয়েন্দা কর্মকর্তারা শুল্ক বিভাগ ও সীমান্ত নিরাপত্তা তথ্যভান্ডার থেকে ওমরের নাম জানতে পারেন।আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তথ্যভান্ডারের বরাত দিয়ে জানান, তথ্যভান্ডারে বলা ছিল যে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। তাঁর সঙ্গে ইয়েমেনের চরমপন্থীদের সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বিমান থেকে তাঁকে ধরার জন্য বিমানটি থামানো হবে কি না, এ বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নিতে পারতেন।ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা তাঁদের ভুল স্বীকার করেছেন। চরমপন্থী সন্ত্রাসীদের হুমকি মোকাবিলায় সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে প্রেসিডেন্টের কাছে আমরা নির্দিষ্ট দিকনির্দেশনা পেয়েছি। আরও ভালো কাজ করার ব্যাপারে পেয়েছি শিক্ষা।’প্রতিবেদনে বলা হয়েছে, ওমরের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য অনেকগুলো সূত্র পাওয়া গিয়েছিল। ওমর ফারুকের বাবা আলহাজি ওমর মোতালেব আগেই তাঁর ছেলের এহেন পরিকল্পনা ও চরমপন্থার কথা মার্কিন দূতাবাসকে জানিয়েছিলেন।যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ডেনিস ব্লেয়ার গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে বলেন, সন্ত্রাসী হামলার নতুন কৌশল মোকাবিলায় গোয়েন্দাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। এএফপি।