ওয়াজিরিস্তানে গাড়িবহরে হামলায় ১৪ সেনা নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গতকাল রোববার নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে হামলায় ১৪ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। দেশটির নিরাপত্তা বাহিনী সূত্র এ কথা জানায়।তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ওই এলাকায় তালেবানের শক্ত ঘাঁটি রয়েছে। সেখানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর তৎপরতাও রয়েছে।সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের দোসালি এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে হামলা চালানো হয়। এতে ১৪ সেনা নিহত ও ২০ সেনা আহত হয়েছেন। হামলায় গাড়িবহরের একটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলাকারীরা স্বয়ংক্রিয় বিস্ফোরক ব্যবহার করেছে।কর্মকর্তারা আরও জানান, হামলার পর পর ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে। হতাহতদের উদ্ধার-তৎপরতা চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়ে ওই এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিজ্ঞা-সংক্রান্ত তালেবানের প্রচারপত্র বিলির এক দিন পরই এই হামলার ঘটনা ঘটল। কোয়েটায় পারভেজ আশরাফ: পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে সান্ত্বনা দিতে গতকাল কোয়েটায় পৌঁছান। গত বৃহস্পতিবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় শিয়া হাজারা সম্প্রদায়ের ওপর জঙ্গি হামলায় শতাধিক ব্যক্তি নিহত হন।শিয়াবিরোধী জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-জাংভি এই হামলার দায় স্বীকার করে। এরপর শিয়া নেতারা লস্কর-ই-জাংভির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর দাবি জানান। লস্কর-ই-জাংভির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হামলায় নিহতদের দাফন না করারও সিদ্ধান্ত নেন তাঁরা।নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী কোয়েটায় পৌঁছেছেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারকে সান্ত্বনা দেবেন ও হাজারা সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এএফপি ও বিবিসি।