ওয়ারদাক থেকে মার্কিন সেনা সরানোর নির্দেশ কারজাইয়ের
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশটির ওয়ারদাক প্রদেশ থেকে দুই সপ্তাহের মধ্যে মার্কিন বিশেষ বাহিনীকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ওই প্রদেশে মার্কিন বাহিনীর বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে কারজাই এই নির্দেশ দিলেন। মার্কিন বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ওয়ারদাক প্রদেশে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।বিষয়টি নিয়ে মার্কিন সরকারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হবে। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা নিয়ে আফগান সরকারের সঙ্গেও আলোচনা করা হবে। প্রেসিডেন্ট কারজাইয়ের একজন মুখপাত্র জানান, ওয়ারদাক প্রদেশে গুম ও নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। স্থানীয় আফগান জনগণের অভিযোগ মার্কিন বিশেষ বাহিনীর কেউ কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে। এই বিবেচনায় প্রেসিডেন্ট ওই প্রদেশ থেকে বিশেষ বাহিনীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর প্রেসিডেন্ট এই নির্দেশ দেন। জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ওয়ারদাক প্রদেশের মার্কিন বাহিনীর একটি শিবিরের বিরুদ্ধে সাধারণ আফগান জনগণকে হয়রানি, নির্যাতন এমনকি হত্যারও অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। বৈঠকে নির্যাতনের কয়েকটি ঘটনার বর্ণনাও দেওয়া হয়। একটি ঘটনায় বলা হয়, মার্কিন বাহিনীর একটি অভিযানের পর ওয়ারদাকের একটি এলাকায় নয়জন সাধারণ আফগান গুম হন। পরে তাঁদের খোঁজ মেলেনি। অপর একটি ঘটনায় এক ছাত্রকে রাতে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এর দুই দিন পর তার মরদেহ পাওয়া যায় একটি সেতুর নিচে। ওই ছাত্রের মরদেহে নির্যাতনের চিহ্ন ছিল।মার্কিন বাহিনীর পক্ষ থেকে এমন কোনো ঘটনায় জড়িত থাকার বিষয়টি নাকচ করে দেওয়া হয়েছে। আফগান সরকার এ ঘটনার সঙ্গে দায়ীদের বিচারের আওতায় আনতে সহযোগিতার জন্য সাধারণ আফগানদের প্রতি আহ্বান জানিয়েছে। বিবিসি।