ওয়াল-মার্টের তদবিরের খবর তদন্ত করবে ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বাজারে সরাসরি বিনিয়োগের (এফডিআই) সুবিধা নেওয়ার জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ওয়াল-মার্টের তদবিরের বিষয়টি তদন্ত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। দেশটির সংসদবিষয়ক মন্ত্রী কমল নাথ গতকাল মঙ্গলবার জানান, ওয়াল-মার্টের তদবিরসংক্রান্ত খবরে ভারত সরকার উদ্বিগ্ন। তারা বিষয়টি তদন্ত করার বিষয়ে আন্তরিক।বহুজাতিক প্রতিষ্ঠান ওয়াল-মার্টের দাবি, ভারতীয় বাজারে ঢুকতে তারা ক্ষমতাসীনদের ১২৫ কোটি রুপি দিয়েছে এবং ২০১২ সালেই খরচ করেছে ৩০ লাখ ডলার। মার্কিন সিনেটে প্রতিষ্ঠানটি এমন দাবি নিয়ে ভারতীয় পার্লামেন্টে গতকালও হইচই হয়। এর ফলে পার্লামেন্টের উভয় কক্ষ মুলতবি ঘোষণা করা হয়। এর আগে সোমবারও পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় দুই দফা মুলতবি ঘোষণা করা হয়। বিজেপি, সিপিএম, সিপিআই, এসপি, জেডি-ইউ, তৃণমূল কংগ্রেস, এজিপি ও এআইএডিএমকের সাংসদদের সম্মিলিত দাবি, ‘দুর্নীতির’ বিষয়টি সামনে চলে আসায় এফডিআই প্রত্যাহার করা উচিত। ভারতে তদবিরের কোনো স্থান নেই।এফডিআই সুবিধা পেতে ওয়াল-মার্টের তদবিরের খবর নিয়ে গতকাল শুরুতেই রাজ্যসভা উত্তপ্ত হয়ে ওঠে। পার্লামেন্টের চেয়ারম্যান হামিদ আনসারি রাজ্যসভার সাবেক সদস্য জি স্বামীনাথানের মৃত্যুর বিষয়টি উত্থাপনের সঙ্গে সঙ্গে বিজেপির সাংসদেরা দাঁড়িয়ে এর প্রতিবাদ জানান এবং ওয়াল-মার্টের তদবিরের ওপর আলোচনার দাবি করেন। এ সময় অন্য বিরোধীদলীয় সাংসদেরাও বিজেপির দাবির প্রতি সমর্থন জানান। হামিদ আনসারি বারবার চেষ্টা করেও বিরোধীদলীয় সাংসদদের দমাতে ব্যর্থ হন। তখন তিনি বলেন, এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে, ‘চেয়ারম্যানকে অসহায় দৃষ্টিতে’ প্রশ্নোত্তর পর্বের ওপর অব্যাহত বাধা দেওয়া দেখতে হচ্ছে। এরপর তিনি সংসদীয় কমিটিগুলোর বৈঠক এবং প্রশ্নোত্তর পর্ব পিছিয়ে দিতে কিংবা একেবারে বাতিলের প্রস্তাব করেন। পরে ৩০ মিনিটের জন্য পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেন তিনি। অধিবেশন পুনরায় শুরু হলে বিজেপির নেতা ভেনকাইয়া নাইডু তৎক্ষণাৎ ওয়াল-মার্টের তদবিরের ওপর আলোচনার দাবি জানান।অন্যদিকে নিম্নকক্ষ লোকসভায় বিএসপি, তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলো ওয়াল-মার্টের তদবিরের বিষয়টি তদন্তের দাবিতে স্লোগান দেয়। তারা কয়লাখনির বরাদ্দ নিয়ে দুর্নীতির তদন্তের অবস্থাও জানতে চায়। এ সময় বিজেপির নেতারা দাঁড়িয়ে স্পিকারের প্রতি প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে সরকারের কাছে ওয়াল-মার্টের তদবিরের বিষয়টি জানতে অনুরোধ জানান। স্পিকার বিরোধীদের দাবি উপেক্ষা করে প্রশ্নোত্তর পর্ব চালিয়ে নেওয়ার চেষ্টা করলে হট্টগোল আরও বেড়ে যায়। স্পিকার প্রশ্নোত্তর পর্বে ওয়াল-মার্টের বিষয়টি নিয়ে আলোচনা করা যাবে এমন নিশ্চয়তা দেওয়ার পরও গণ্ডগোল থামেনি। পরে তিনি পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেন।বিজেপির নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘ওয়াল-মার্টের বিষয়টি আমরা বৃহত্তর স্বার্থে উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। কে টাকাটা নিয়েছে, তা জানা খুবই গুরুত্বপূর্ণ।’ পার্লামেন্ট অচল করে দেওয়ার জন্য বিজেপিকে দুষছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী মানিশ তিওয়ারি বলেন, পার্লামেন্টের অচলাবস্থার জন্য বিজেপিই দায়ী।বিরোধীদের দাবি, খুচরা বাজারে বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে সরাসরি বিনিয়োগের সুযোগ দিলে ভারতীয় ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাজার হারাবে। এতে দরিদ্র লোকেরা ক্ষতিগ্রস্ত হবে। তবে সরকার বলছে, দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে এ ধরনের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি নেওয়া প্রয়োজন। টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।