ওয়াশিংটনে নৌবাহিনীর ইয়ার্ডে গুলি নিহত ৪
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির দক্ষিণ-পূর্ব এলাকায় নৌবাহিনীর একটি স্থাপনায় (ওয়াশিংটন নেভি ইয়ার্ড) এক বন্দুকধারী হামলা চালিয়েছে। বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। মার্কিন নৌবাহিনী গতকাল সোমবার এ খবর নিশ্চিত করেছে।
পুলিশ ওই বন্দুকধারীর খোঁজে সংশ্লিষ্ট দপ্তর ভবনে তল্লাশি চালায়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।তবে কতজন আহত হয়েছেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।নিরাপদ অবস্থান নিতে নৌবাহিনীর কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি নিরাপত্তাকর্মীরা ওই এলাকা ঘিরে রেখেছেন এবং হেলিকপ্টার টহলও শুরু হয়েছে। ওয়াশিংটন ডিসির রিগ্যান ন্যাশনাল বিমানবন্দর থেকে পোটোম্যাক নদী ধরে নেভি ইয়ার্ড পর্যন্ত আকাশপথে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বিমানবন্দরের কর্মকর্তা ক্রিস পাওলিনো বলেন, সব ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করছে।
ওই নেভি ইয়ার্ডের অধীনে প্রায় তিন হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। বিবিসি ও এএফপি।