ওয়াশিংটনের পোতাশ্রয়ে নির্বিচার গুলিতে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটন নেভি ইয়ার্ডে আজ এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে চার ব্যক্তি নিহত হওয়ার পর ঘটনাস্থল থেকে বাকি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ছবি: রয়টার্স
ওয়াশিংটন নেভি ইয়ার্ডে আজ এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে চার ব্যক্তি নিহত হওয়ার পর ঘটনাস্থল থেকে বাকি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের এক পোতাশ্রয়ে অন্তত তিন ব্যক্তির নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে চারজন নিহত হয়েছে। একজন নৌ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, ওয়াশিংটন নেভি ইয়ার্ড নামের ওই পোতাশ্রয়ে সামরিক পোশাক পড়া অজ্ঞাত ব্যক্তিরা আজ সোমবার সাধারণ মানুষের ওপরে হামলা চালিয়েছে।
ওই কর্মকর্তা বলেন, বন্দুকধারী ব্যক্তিটি স্থানীয় সময় সকাল আটটা ২০ মিনিটে পোতাশ্রয়ে উপস্থিত লোকজনের ওপর গুলি চালানো শুরু করে। তাকে ধরতে পুলিশ একটি ভবনে তল্লাশি চালানো শুরু করেছে। পুলিশের ধারণা, হত্যাকারীরা ওই ভবনে লুকিয়ে আছে।
হামলার কারণ ও উদ্দেশ্য এখনো জানা যায়নি।
স্থানীয় সংবাদ সংস্থাগুলো বলেছে, গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন। তবে ঠিক কতজন আহত হয়েছে, তার সঠিক হিসাব মেলেনি।
নৌ কর্মকর্তাটি আরও জানান, তাঁদের নিরাপদ আড়াল নিয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই পোতাশ্রয়ের নৌসংস্থাপন দপ্তরের জনসংযোগ বিভাগের পরিচালক ক্যাপ্টেন এড বুকলাটিন টুইটারে জানান, হামলায় চারজন নিহত ও আটজন আহত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসির দক্ষিণ-পূর্বে অবস্থিত ওই পোতাশ্রয়ের নেভাল সি সিস্টেমস কমান্ডে কয়েকজন ব্যক্তি গুলি চালিয়েছে।
হামলার সময় ওই দপ্তরের পঞ্চম তলায় কাজ করছিলেন কমান্ডার টিম জুরিস। তিনি গুলির শব্দ শুনেছিলেন। পরে তিনি বিবিসিকে বলেন, ‘শব্দ শুনে মনে হয়েছিল যেন আসল বন্দুক নয়, খেলনা বন্দুকের শব্দ শুনছি।’
ওই এলাকায় জরুরি বিভাগের অনেকগুলো যানবাহন পাঠানো হয়েছে। হেলিকপ্টারেও টহল দেওয়া হচ্ছে।
ঘটনার পর প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং সংকট নিরসনে কেন্দ্রীয় সরকারকে যথাসম্ভব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
নৌবাহিনী জানিয়েছে, ওই পোতাশ্রয়ে প্রায় তিন হাজার মানুষ কাজ করেন। এখানে বিভিন্ন ধরনের জাহাজ ও সাবমেরিন তৈরি, মেরামত ও কেনাবেচা হয়।