ওলাঁদের দল ও মিত্ররা এগিয়ে
ফ্রান্সে প্রথম দফা পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সমাজতন্ত্রী দল ও সমমনা দলগুলো এগিয়ে রয়েছে। ফলে পার্লামেন্টে সমাজতন্ত্রীদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা উজ্জ্বল হলো।স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ফলাফলে দেখা যায়, বামপন্থী জোট ও গ্রিন পার্টি ৪৬ শতাংশের বেশি ভোট পেয়েছে। আর সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির মধ্য ডানপন্থী ইউএমপি দল পেয়েছে ৩৪ শতাংশ ভোট। নির্বাচনে ভোটদানের হার ছিল ৫৭ শতাংশ। এ নির্বাচনে মরিন লো পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট ১৩ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে। ‘ইসলামীকরণ’ ও অভিবাসন-প্রক্রিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া মরিন ইউরো মুদ্রা পরিত্যাগ করার পক্ষপাতী। ২০০৭ সালের পার্লামেন্ট নির্বাচনে তাঁর দল মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছিল। উল্লসিত মরিন লো পেন বলেন, তাঁর দল এখন ফ্রান্সের তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।কট্টর বামপন্থী বলে পরিচিত জ্যাঁ-লুক মেলোশঁর নেতৃত্বাধীন বামফ্রন্ট ৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে। তবে তিনি নিজে পরাজিত হয়েছেন। উত্তরাঞ্চলীয় লিল শহরের একটি আসনে তিনি মরিন লো পেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মেলোশঁ ১১ শতাংশ ও মরিন লো পেন প্রায় ১৮ শতাংশ ভোট পেয়েছিলেন। ওলাঁদের নতুন সরকারের প্রধানমন্ত্রী জ্যাঁ-মাহ্ক অ্যাহো পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি লোয়াহ-আতলান্তিক এলাকা থেকে প্রার্থী হয়েছিলেন। নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে ফ্রান্সে কর ও ব্যয়সংক্রান্ত বিভিন্ন সংস্কার উদ্যোগ বাস্তবায়নের জন্য পার্লামেন্টে বামপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বিভিন্ন জনমত জরিপে দেখা যায়, ৫৭৭ আসনবিশিষ্ট পার্লামেন্টে সমাজতন্ত্রীরা ২৮৩ থেকে ৩২৯ আসন পেতে পারেন। অন্যদিকে রক্ষণশীলরা ২১০ থেকে ২৭০ আসনে জয়ী হতে পারেন। আগামী সপ্তাহের দ্বিতীয় দফার নির্বাচনে সমাজতন্ত্রীরা জয়ী হলে ইউরোপে জার্মানির নেতৃত্বাধীন ব্যয়-সংকোচননীতির পরিবর্তন হবে। এএফপি ও বিবিসি।