‘ওসামা ছিলেন সূক্ষ্ম অনুভূতির অধিকারী, কোমল হূদয় ও দয়ালু একজন মানুষ—আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের স্মৃতিচারণা করতে গিয়ে সংগঠনের বর্তমান প্রধান আইমান আল-জাওয়াহিরি এ মন্তব্য করেন।জিহাদি কয়েকটি ওয়েবসাইটে গত মঙ্গলবার প্রকাশিত নতুন একটি ভিডিওচিত্রে জাওয়াহিরি বলেন, ওসামা ছিলেন সংবেদনশীল একজন মানুষ। বন্ধুরা পরিবারের কাউকে হারালে তিনি কাঁদতেন। আন্তর্জাতিক জিহাদি সংগঠনের নেতা হিসেবে ফেরারি জীবনযাপন সত্ত্বেও সন্তানদের সব সময় কাছাকাছি রাখতেন তিনি। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহতম সন্ত্রাসী হামলাকারী ১৯ জন ‘ভাইকে’ তিনি গভীর কৃতজ্ঞতাভরে স্মরণ করতেন। আফগানিস্তানের তোরাবোরা পার্বত্য পাহাড়ে একসঙ্গে লুকিয়ে থাকার সময় ওসামা সেই ‘১৯ বীর শহীদের’ প্রত্যেকের নামে সনদপত্র লিখে দিয়েছিলেন। ওসামার আশঙ্কা ছিল, যুক্তরাষ্ট্রে আত্মঘাতী হামলাকারীদের যথাযথ সম্মান দেখানোর আগেই তাঁকে হত্যা করা হতে পারে।‘ইমামের সঙ্গে দিনগুলো: প্রথম অংশ’ শিরোনামের ৩০ মিনিটের ওই ভিডিওচিত্রে জাওয়াহিরি বলেন, তিনি ওসামার জীবনের ‘মানবিক দিকগুলো’ উন্মোচন করতে চান। কঠিন জীবনযাপন সত্ত্বেও ওসামা কতটা স্নেহশীল, বিনয়ী, দয়াশীল ও পরিমার্জিত অনুভূতিসম্পন্ন ব্যক্তি ছিলেন, মানুষ তা জানে না। বলেন, ‘ওসামার মতো মানুষ আমি কখনো দেখিনি।’ বিশ্লেষকদের মতে জাওয়াহিরি আল-কায়েদার সমর্থকদের মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়াতে এ ভিডিওচিত্র প্রকাশ করেছে। এপি ও বিবিসি অনলাইন।