আফগানিস্তানে তালেবান শাসনের পতনের নয় বছর পর যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাস করে, আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন ও দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে লুকিয়ে আছেন। আল-কায়েদা ও তাদের সম্প্রসারিত নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটির তৈরি করা সর্বশেষ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তবে তাদের ওই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানি নেতাদের মতবিরোধ রয়েছে। তাঁরা মনে করেন, ওসামা বিন লাদেন সম্ভবত মারা গেছেন। খবর পিটিআইয়ের।বৈদেশিক সম্পর্কবিষয়ক যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি ২১ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি তৈরি করেছে। কমিটির চেয়ারম্যান হলেন সিনেটর জন কেরি।প্রতিবেদনে বলা হয়েছে, বিন লাদেন ও জাওয়াহিরি সম্ভবত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের উপজাতি-অধ্যুষিত এলাকায় আল-কায়েদার বেশির ভাগ শীর্ষস্থানীয় নেতাসহ আত্মগোপন করে আছেন। আল-কায়েদা তাদের বিবৃতিতে পাকিস্তান ও আফগানিস্তানে মার্কিন ‘দখলদারি’র বিরুদ্ধে প্রতিরোধে যোগ দিতে পাকিস্তানের মুসলমানদের উত্সাহিত করছে। সেই সঙ্গে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের মিত্র রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের বিরুদ্ধে লড়াই করতেও বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, পর্যবেক্ষণে দেখা গেছে, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তসহ বিভিন্ন স্থানে থাকা বিপুলসংখ্যক ইসলামি জঙ্গির মধ্যে আল-কায়েদার প্রভাব বাড়ছে। আল-কায়েদা তাদের মূল কেন্দ্র আফগানিস্তান ও পাকিস্তানের সীমানা পেরিয়ে ইয়েমেন ও সোমালিয়ায় কার্যক্রম সম্প্রসারণ করেছে।