ওসামা বিন লাদেনকে নিয়ে নানা তত্ত্ব
পাকিস্তানের অ্যাবোটাবাদের বিলাল শহরের বাসিন্দা জইন মুহাম্মদ। নিজের রসুনখেতের কাছে পাথরের ওপর বসে বার্তা সংস্থা এএফপির সাংবাদিককে বলছিলেন, ‘আমি চাই না কেউ আমাকে লাদেনের প্রতিবেশী বলে সম্বোধন করুক।’ তিনি বলেন, ‘আমি একদম বিশ্বাস করি না, মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের সময় আবোটাবাদের ওই বাড়িতে লাদেন ছিলেন।’ গত বছর ২ মে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে লাদেনের বিধবা তিন স্ত্রী ও সন্তানদের উদ্ধার করা হয়।জইন বলেন, বাড়িটিতে নিরীহ লোকজন বাস করতেন। তাঁদের সঙ্গে আল-কায়েদা কিংবা অন্য কোনো জঙ্গি সংগঠনের যোগসাজশ ছিল না। অভিযান চালিয়ে ওই নিরপরাধ মানুষদেরই হত্যা করা হয়।স্থানীয় একটি স্কুলের প্রধান আওরঙ্গজেবও প্রায় একই ধরনের বিশ্বাস করেন। আওরঙ্গজেব বলেন, ‘আমি মনে করি, ওই বাড়িতে বিন লাদেন ছিলেন না। তবে হতেও পারে, তাঁর স্ত্রী ও সন্তানেরা সেখানে ছিল।’ তিনি আরও বলেন, লাদেন হত্যার ঘটনা একটি সাজানো নাটক। পাকিস্তানি সেনাদের সঙ্গে মার্কিন সেনারা এই গল্প ফেঁদেছে। পাকিস্তানি সেনারা টাকার জন্য কী না করতে পারে! ওরা ভিখারী ছাড়া আর কিছু নয়।অ্যাবোটাবাদের অনেক মানুষই এই তত্ত্বে বিশ্বাস করে। স্থানীয় একজন গণমাধ্যমকর্মী বলেছেন, যখন সারা দেশে আল-কায়েদার ঘনিষ্ঠ অন্য জঙ্গি সংগঠনগুলো অব্যাহতভাবে আত্মঘাতী বোমা হামলা চালাচ্ছে, তখন কিনা লাদেনের মতো কুখ্যাত একজন সন্ত্রাসী তাদের মাঝেই ছিলেন, এ কথা ভেবে স্থানীয় লোকজন লজ্জিত। ওয়াশিংটনের দাবি, গত বছর ২ মে রাতে মার্কিন বিশেষ বাহিনী অ্যাবোটাবাদের ওই বাড়িতে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে। পাকিস্তানের একটি গোয়েন্দা একটি নিরাপত্তা সূত্রে জানা গেছে, লাদেনের আত্মগোপন করে থাকার বিষয়ে কিছুই জানতেন না বলে ২ মে সকালে পাকিস্তানের সেনাদের অনেক শীর্ষস্থানীয় কর্মকর্তাকেও একই ধরনের লজ্জায় পড়তে হয়। ওই সূত্র জানায়, ওই অভিযানের ব্যাপারে পাকিস্তানের সেনাদের অবহিত না করায় সেনাদের একটা অংশ ক্ষুব্ধ হয়। তাঁদের মধ্যে দ্বিধাও ছিল। কারণ সেনাদের কেউই যে লাদেনকে সহায়তা দেয়নি, এর পক্ষেও জোরালো প্রমাণ তাঁদের কাছে ছিল না।পাকিস্তানের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার (আইএসআই) প্রধান জেনারেল সুজা পাশা মে মাসেই পার্লামেন্টকে বলেন, লাদেনের আত্মগোপন করে থাকার ব্যাপারে তাঁদের কাছে কোনো তথ্য ছিল না। কড়া সেনা পাহারায় রাখার পর অ্যাবোটাবাদের ওই বাড়িটি ফেব্রুয়ারি মাসে ভেঙে ফেলা হয়। লাদেন হত্যার ঘটনার প্রায় এক বছর হতে চলল। এ সময়ের মধ্যেও লাদেনের কোনো ছবি প্রকাশ করেনি ওয়াশিংটন।এই সুবাদে নানা গুজব ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের একদল মানুষ মনে করে, মার্কিন সেনারা লাদেনকে আফগানিস্তানে গ্রেপ্তার করে। পরে পাকিস্তানি সেনাদের সুনাম নষ্ট করার লক্ষ্যে অ্যাবোটাবাদের ওই বাড়িতে তাঁকে হত্যা করে। আরেক দল মানুষের বিশ্বাস, লাদেন এখনো বেঁচে আছেন।গত বছর ২ মের পর থেকে বিন লাদেনের তিন স্ত্রী ও সন্তানদের পাকিস্তানি কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়। গত শুক্রবার তাঁদের সৌদি আরব পাঠানো হয়েছে। তাঁদেরও কোনো ছবি প্রকাশ করা হয়নি। এ থেকে অনেকের ধারণা, অ্যাবোটাবাদের বাড়িতে অভিযান চালানো এবং লাদেন হত্যার ঘটনাটি সাজানো। লাদেন এখানো বেঁচে আছেন। এএফপি।