ওসামা হত্যাকে ন্যায়সংগত মনে করেন দালাই লামা
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা ন্যায়সংগত হয়েছে। তবে তাঁকে ক্ষমাও করা যেত। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গত মঙ্গলবার ওসামা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন দালাই লামা। তিনি দেশটির পাঁচটি অঙ্গরাজ্য সফর শুরু করেছেন। লস অ্যাঞ্জেলেস টাইমস-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, দালাই লামা বলেছেন, ‘ক্ষমা করা মানে যা ঘটেছে তা ভুলে যাওয়া নয়। গুরুতর কিছু হলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আপনাকে ব্যবস্থা নিতেই হবে।’গত বুধবার আরও দুটি অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দালাই লামা। তবে সেখানে তিনি ওসামা প্রসঙ্গে কথা বলেননি। ওই দুই অনুষ্ঠানের বক্তব্যের সারাংশ তাঁর ওয়েবসাইটে দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে দালাই লামা বলেন, কোনো কোনো সময় একজন অপরাধীকে তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা করার চেয়ে ন্যায়বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অপর এক প্রশ্নের জবাবে ৭৫ বছরের দালাই লামা বলেন, ওসামা যা করেছেন, তা নিঃসন্দেহে ধ্বংসাত্মক। তাঁর এসব কাজ বিচারের আওতায় আনার যোগ্য। পিটিআই।