ওসামা হত্যার অভিযান নিয়ে লেখা বইটিতে স্পর্শকাতর তথ্য আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান নিয়ে সাবেক কমান্ডোর লেখা নো ইজি ডে বইটিতে স্পর্শকাতর তথ্য রয়েছে। গত সোমবার সিবিএস টেলিভিশনে সম্প্রচার করা এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।তবে অভিযোগ অস্বীকার করে লেখক মার্ক ওয়েন বলেন, জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করে, এমন কোনো তথ্য তাঁর লেখা বইতে নেই।গত বছরের ২ মে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিল ওসামা বিন লাদেনকে হত্যা করে। ওই অভিযানকে উপজীব্য করে নো ইজি ডে নামের বইটি লিখেছেন সাবেক কমান্ডো ম্যাট বিসোনেট। তিনিও ওই অভিযানে অংশ নিয়েছিলেন। তবে তিনি বইটি লিখেছেন মার্ক ওয়েন ছদ্মনামে। বইটি প্রকাশের আগে থেকেই প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন হুঁশিয়ারি দিয়ে আসছিল, গোপন তথ্য ফাঁসের অভিযোগে লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।প্যানেট্টা বলেছেন, ‘কমান্ডোদের প্রতি আমি এমন কোনো সংকেত পাঠাতে পারি না যে আপনারা অভিযানে অংশ নেবেন, আর ফিরে এসে এ বিষয়ে বই লিখবেন। আপনাদের গল্প নিউইয়র্ক টাইমস-এর কাছে বিক্রি করবেন। যাক, আমরা বইটি খতিয়ে দেখছি।’ রয়টার্স।