
মার্কিন নিয়ন্ত্রণে থাকা কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ইয়েমেনের নাগরিক মাহমুদ মুজাহিদ। তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের দেহরক্ষী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের গুয়ানতানামো বে কারাগারবিষয়ক পর্যালোচনা প্যানেল গত বৃহস্পতিবার মাহমুদকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই কারাগারে এক দশকেরও বেশি সময় বিনা বিচারে বন্দী আছেন তিনি।
৩৩ বছর বয়সী মাহমুদ হবেন গুয়ানতানামো বে কারাগারের প্রথম বন্দী, যিনি মার্কিন পর্যালোচনা প্যানেলের সামনে হাজির হতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রুতি অনুযায়ী কারাগারটি বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে ওই পর্যালোচনা প্যানেল গঠিত হয়। কারাগারটিতে এখনো ১৫৫ জন বন্দী আছেন।
ছয় সদস্যবিশিষ্ট পর্যালোচনা প্যানেল গত বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয় মাহমুদ যুক্তরাষ্ট্রের জন্য আর হুমকি নন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র গত বৃহস্পতিবার সে দেশের গণমাধ্যমকে জানান, মাহমুদকে কখন মুক্তি দেওয়া হবে, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
মাহমুদের আইনজীবী ডেভিড রেমস বলেন, তাঁর মক্কেলকে বন্দী রাখার আর কোনো অজুহাত নেই। শিগগিরই তিনি পরিবারের কাছে যেতে পারবেন। বিবিসি।