ওসামার পরিবার এখনো পাকিস্তানে
আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের পরিবার এখনো পাকিস্তানেই রয়েছে। পাসপোর্ট তৈরি না হওয়ায় তাদের সৌদি আরবে যাত্রা দেরি হয়েছে। সংশ্লিষ্ট একজন আইনজীবী গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন।ওসামার তিন স্ত্রী ও আট সন্তানসহ পরিবারের সদস্যদের গতকালই পাকিস্তান ছেড়ে যাওয়ার কথা ছিল। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। আইনজীবী মুহাম্মদ আমির জানান, ওসামার পরিবারের সদস্যদের গতকাল পাসপোর্ট হাতে পাওয়ার কথা ছিল। প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক হলেই তারা পাকিস্তান ছেড়ে যাবে।সৌদি আরবের বেশ কয়েকজন কূটনীতিক ওসামা পরিবারের প্রস্থান উপলক্ষে সম্প্রতি পাকিস্তান সফর করেন বলে জানিয়েছে একাধিক সূত্র।আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন বাহিনীর হামলায় গত বছরের মে মাসে নিহত হন। ওই ঘটনার পর থেকে পাকিস্তানি কর্তৃপক্ষ ওসামার পরিবারের সদস্যদের আটকে রাখে। পাকিস্তানে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে ওসামার স্ত্রী ও সন্তানদের কয়েকজনকে ৪৫ দিনের আটকাদেশ দেওয়া হয়। ওই সাজার মেয়াদ পার হওয়ার পর তারা পাকিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ পায়। এএফপি।