ওসামার ব্যাপারে পাকিস্তানের কেউ জানলেও প্রমাণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, অ্যাবোটাবাদে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে পাকিস্তানের ‘কেউ না কেউ’ জানতেন। তবে দেশটির কোনো রাজনৈতিক নেতা বা সামরিক কর্মকর্তা বিষয়টি জানতেন কি না, তার কোনো প্রমাণ নেই।অপর দিকে পাকিস্তান সরকারের অনুমতি ছাড়া ওসামাকে হত্যায় অ্যাবোটাবাদে গোপন সামরিক অভিযান চালিয়ে দেশটিকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন।পেন্টাগনে গত বুধবার এক যৌথ সম্মেলনে গেটস ও মুলেন এসব কথা বলেছেন। তবে তাঁরা বলেন, আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেওয়া জঙ্গিদের নির্মূলে পাকিস্তান সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। ২ মে ওসামা হত্যার অভিযানের পর এটাই ছিল পেন্টাগনের প্রথম সংবাদ সম্মেলন।অ্যাবোটাবাদে ওসামার নির্বিঘ্ন অবস্থানের পেছনে পাকিস্তান সরকারের হাত আছে বলে মার্কিন কংগ্রেসে তুমুল হইচই চলছে। কংগ্রেসম্যানরা পাকিস্তানকে মার্কিন সাহায্য বন্ধের দাবি জানাচ্ছেন। কিন্তু গেটস ও মুলেন এর বিরোধিতা করে বলেছেন, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক অবশ্যই অব্যাহত থাকবে। সেই সঙ্গে ইসলামাবাদকে ওয়াশিংটনের নিরাপত্তা সহযোগিতা প্রদানও অব্যাহত থাকবে।রবার্ট গেটস বলেন, তাঁর বিশ্বাস, পাকিস্তানে ওসামার আত্মগোপনের বিষয়ে সে দেশের ‘কেউ না কেউ’ জানতেন। কিন্তু এ ব্যাপারে তাঁর কাছে ‘কোনো প্রমাণ নেই’ যে বিষয়টি ইসলামাবাদের কোনো শীর্ষস্থানীয় নেতৃত্ব জানতেন। তিনি বলেন, ‘বাস্তবতা হলো, আমি এ-সংক্রান্ত যেসব তথ্য পেয়েছি, তা সাংঘর্ষিক।’ মাইক মুলেন বলেন, ‘আমি পাকিস্তানি হলে বলতাম, (সন্ত্রাসীদের কারণে) আমরা যথেষ্ট মূল্য দিয়েছি। (সন্ত্রাসবাদের কারণে) আমরা এমনিতেই লজ্জিত। আমি মনে করি, আমাদের উপলব্ধি করা উচিত, তারা (পাকিস্তান) এর জন্য যথেষ্ট মূল্য দিয়েছে।’ ওসামার অবস্থানের ব্যাপারে পাকিস্তান সরকার জানত বলে মার্কিন আইন প্রণেতারা দাবি করে আসছেন। তাঁরা বিষয়টি খতিয়ে দেখতে ওবামার প্রশাসনকে চাপ প্রয়োগ করছেন। কংগ্রেসম্যানদের এই কঠোর অবস্থানের কারণে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ওসামার আস্তানা থেকে যেসব নোটবুক, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, তা গবেষণা করে দেখছে।গেটস বলেন, কংগ্রেসম্যানদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তিনি তাঁদের বলেছেন, প্রমাণ ছাড়া ওবামার প্রশাসন কোনো অভিযোগ আনতে পারে না। তিনি বলেন, ‘প্রমাণ ছাড়া তাদের (পাকিস্তান) অভিযুক্ত করাটা কঠিন।’ ইসলামাবাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিরোধিতা করে গেটস বলেন, ‘আমি মনে করি, সতর্কতার সঙ্গে আমাদের এগোতে হবে। আমার ব্যক্তিগত অভিমত হলো, ইসলামাবাদকে সাহায্য প্রদান অব্যাহত রাখতে হবে।’ তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এএফপি, বিসিসি, জি নিউজ ও পিটিআই।