ওয়াইওমিংয়ে রমনি, ক্যানসাসে স্যান্টোরামের জয়
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার দৌড়ে এগিয়ে থাকা রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি গত শনিবার ওয়াইওমিং অঙ্গরাজ্যের ককাসে জয় পেয়েছেন। এদিকে ক্যানসাস অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয় পেয়েছেন রিক স্যান্টোরাম।ওয়াইওমিংসহ তিনটি অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টির চেয়ারম্যান টামি হোপার বলেন, নির্বাচনের ফলাফলে দেখা গেছে, পার্টির জাতীয় সমেঞ্চলনে ১২ জন প্রতিনিধির সাতজনই রমনিকে সমর্থন দেন। এতে স্যান্টোরাম, তিনজন ও অপর প্রার্থী পল একজন প্রতিনিধির সমর্থন পান। শনিবার ১৫টি কাউন্টিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।এদিকে ক্যানসাসে রয়েছে রক্ষণশীলদের ব্যাপক আধিপত্য। আগে থেকেই প্রত্যাশা করা হচ্ছিল, সেখানে পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম ভালো ফল করবেন। ক্যানসাসে তাঁর প্রতিদ্বন্দ্বী ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি এবং হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক স্পিকার নিউট গিংরিচ কোনো প্রচারণা চালাননি। মনোনয়নদৌড়ে জয়ের আশা টিকিয়ে রাখতে ক্যানসাসে স্যান্টোরামের ভালো করার প্রয়োজন ছিল।গত মঙ্গলবার সুপার টিউজডের পর থেকে মনোনয়নদৌড়ে এগিয়ে থাকা রমনির কাছাকাছি পৌঁছাতে চাপের মধ্যে পড়েছেন স্যান্টোরাম। ওই দিন ১০টি অঙ্গরাজ্যে প্রাথমিক প্রার্থী বাছাইয়ে প্রাইমারি ও ককাসে ভোট অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ ওহাইওসহ ছয়টি অঙ্গরাজ্যে জয় পান রমনি। তিনটি অঙ্গরাজ্যে জয় পেয়ে আশা বাঁচিয়ে রাখেন কট্টরপন্থী রিক স্যান্টোরাম। মঙ্গলবার একসঙ্গে ১০টি গুরুত্বপূর্ণ রাজ্যে বাছাই হয় বলে এ দিনকে সুপার টিউজডে বলা হয়।রিপাবলিকান পার্টির জটিল মনোনয়ন-প্রক্রিয়ায় প্রতিটি অঙ্গরাজ্য থেকে দলীয় প্রতিনিধির সমর্থন পেতে হয়। বিজয়ের জন্য প্রার্থীকে এক হাজার ১৪৪ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন। এএফপি ও বিবিসি।