ওয়াজিরিস্তানে নারীদের ভোট দিতে মানা
পাকিস্তানে তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত উপজাতি-অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে নারীদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। গতকাল শনিবার স্থানীয় বাসিন্দারা এ কথা জানিয়েছেন।আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান পাকিস্তানের সাতটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্যতম। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই পাহাড়ি অঞ্চল তালেবান ও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের অবাধ বিচরণক্ষেত্র।উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের একজন বাসিন্দা বলেন, গত শনিবার ভোরে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, কোনো নারীকে ভোট দিতে কেন্দ্রে যেতে দেওয়া হবে না।উত্তর ওয়াজিরিস্তানে অনেক নারীই কঠোর পর্দা মেনে চলেন। তাঁরা মূলত বাড়িতেই থাকেন। সঙ্গে পুরুষ স্বজন ছাড়া তাঁদের বাইরে বের হতে দেওয়া হয় না।গত বুধবার মিরানশাহের দোকানে দোকানে প্রচারপত্র বিলি করা হয়। ‘মুজাহিদিন’ নাম সই করা এসব প্রচারপত্রে বলা হয়, ‘আমাদের কথা শুনে রাখুন। নারীদের ভোট দেওয়ার মতো অসম্মানজনক কাজ সহ্য করা হবে না। কারও বিরুদ্ধে নারীদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করার প্রমাণ পাওয়া গেলে তাঁকে শাস্তি দেওয়া হবে।’ পাকিস্তানে ২০০৮ সালের নির্বাচনেও রক্ষণশীল অঞ্চলগুলোতে নারীদের ভোট দেওয়ার হার কম ছিল। এএফপি।