ওয়াজিরিস্তানে সেনা এড়াতে চুল-দাড়ি কাটছে জঙ্গিরা
পাকিস্তানি সেনাবাহিনীর অভিযান শুরুর কয়েক সপ্তাহ আগে উত্তর ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিরা নিজেদের চুল-দাড়ি কেটে চেহারা পাল্টে ফেলে। শরণার্থীরা ওই জঙ্গিদের অধীনে থাকাকালে নিজেদের জীবনযাত্রার বিবরণ দিতে গিয়ে এসব তথ্য জানায়। খবর এএফপির।
উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ এলাকায় চুল কাটার কাজ করতেন আজম খান। সেখানে গত জুনে বহু প্রতীক্ষিত সেনা অভিযান শুরুর আগেই প্রায় পাঁচ লাখ মানুষ অন্যত্র পালিয়ে যায়। তাদের দলে আজমও ছিলেন। তিনি বলেন, অভিযানের মাস খানেক আগে থেকে তাঁর ব্যবসা বাড়তে থাকে। জঙ্গিদের মধ্যে তখন নিজেদের দীর্ঘ চুল ও দাড়িওয়ালা চেহারা একেবারে পাল্টে ফেলার ধুম পড়ে।
মিরানশাহ ছেড়ে অধিকাংশ বেসামরিক মানুষ বান্নু শহরে আশ্রয় নিয়েছে। এখন সেখানকার একটি দোকানে চুল কাটেন আজম। তিনি বলেন, ‘অভিযান শুরুর আগে আমি সেখানে অন্তত ৭০০ জন স্থানীয় ও উজবেক জঙ্গির চুল ও দাড়ি ছেঁটেছি।’
আজম বছরের পর বছর ধরে তালেবান জঙ্গি নেতাদের চুল কেটেছেন। তাঁরা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সাবেক নেতা হাকিমুল্লাহ মেহসুদের মতো দীর্ঘ চুল-দাড়ির নকশা করে দিতে বলতেন। কিন্তু গত নভেম্বরে মার্কিন চালকবিহীন বিমানের (ড্রোন) হামলায় নিহত হন মেহসুদ। এরপর থেকে ভিন্ন নকশায় চুল কাটার ফরমায়েশ করতে থাকেন তালেবান নেতারা। একই নেতারা তাঁদের চুল খুব ছোট করে ছেঁটে দিতে বলেন। কারণ তাঁরা উপসাগরীয় অঞ্চলে যাবেন এবং পাকিস্তানি বিমানবন্দরগুলোতে ঝামেলা এড়াতে চান।
উজবেক ও তাজিক জঙ্গিরা স্থানীয় ভাষায় (পশতু) যোগাযোগে পারঙ্গম না হলেও আজমের দোকানে যেত। ইসলামাবাদে যাবে বলে তারা দাড়ি একেবারে কামিয়ে দিতে বলত।
উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের ঘাঁটি নির্মূলে গত ১৫ জুন পাকিস্তানি সেনা অভিযান শুরু হয়। আফগানিস্তান সীমান্তের কাছাকাছি ওই প্রত্যন্ত পার্বত্য এলাকা থেকে আল-কায়েদা ও টিটিপি জঙ্গিরা পাকিস্তানজুড়ে বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা চালায়। সেখানে উজবেক, তাজিক ও উইঘুর জঙ্গিদেরও যাতায়াত রয়েছে। সেখানকার বাসিন্দারা বছরের পর বছর নিজেদের জীবনধারা সম্পর্কে নিশ্চুপ ছিল। তাদের ভয়, জঙ্গিদের ব্যাপারে কোনো তথ্য দিলে তাদের অপহরণ ও শিরশ্ছেদ করবে তালেবানরা। এখন এলাকা ছেড়ে লোকজন মুখ খুলতে শুরু করেছে।
মিরানশাহর সাবেক দোকানি হিকমতউল্লাহ খান বলেন, জঙ্গিরা বিদেশি ব্র্যান্ডের শ্যাম্পু, সাবান ও সুগন্ধির (বডি স্প্রের) মতো জিনিসপত্র কিনতে খুবই আগ্রহী ছিল।
ব্যবসায়ী মোহাম্মদ জারিফ বলেন, দুবাই থেকে আনা মার্কিন ভোজ্যতেল ও ব্রিটিশ ডিটারজেন্ট পাউডার কিনত জঙ্গিরা।