ওয়াটার গেট কেলেঙ্কারি নিয়ে নতুন আলোড়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওয়াটার গেট’ কেলেঙ্কারিতে ফেঁসে ১৯৭৪ সালের ৯ আগস্ট পদত্যাগ করেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। ৩৬ বছর পর নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে ওই কেলেঙ্কারির ঘটনা। এ আলোড়নের মূলে রয়েছে ওয়াটার গেটের ওই ঘটনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের সংগৃহীত তথ্য নিয়ে বিতর্ক। ক্যালিফোর্নিয়ায় নিক্সনের স্মৃতি-বিজড়িত ‘নিক্সন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম’-এর পরিচালনার দায়িত্বে রয়েছে ন্যাশনাল আর্কাইভস। ওয়াটার গেট কেলেঙ্কারির ঘটনাকে নতুন করে তুলে ধরার জন্য এ প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভিডিওটেপের মাধ্যমে নিক্সনের ১৫০ জন সহযোগীর সাক্ষাৎকার গ্রহণ করেন। ভিডিওচিত্রে ধারণ করা এ আলাপচারিতা একটি প্রদর্শনীতে তুলে ধরার সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। ১ জুলাই নিক্সনের ওই জাদুঘরে এ প্রদর্শনী উদ্বোধনের কথা ছিল। কিন্তু নিক্সন ফাউন্ডেশন দাবি করছে, ভিডিওচিত্রে যে কথোপকথন ধারণ করা হয়েছে, তা পক্ষপাতদুষ্ট ও বিকৃত। তিন বছর আগে ন্যাশনাল আর্কাইভস নিক্সনের জাদুঘরের দায়িত্ব বুঝে নেওয়ার আগে এর দেখভালে ছিল ফাউন্ডেশন। নিক্সনের অনুগত এক দল ব্যক্তি এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ওয়াটার গেট কেলেঙ্কারি নিয়ে তথ্য-বিষয়ক আপত্তির বিষয়টি খতিয়ে না দেখা পর্যন্ত প্রদর্শনী বন্ধ রাখতে আর্কাইভসের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান তাঁরা। ওয়াটার গেটের বিষয় নিয়ে মূল প্রদর্শনীর নকশা করেন নিক্সনের সাবেক সহযোগী বব বস্টক। গত সপ্তাহে ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি আর্কাইভসে ১৩২ পৃষ্ঠার লিখিত আপত্তি দেন। এতে দাবি করা হয়, প্রদর্শনীর জন্য যেসব তথ্য সন্নিবিষ্ট করা হয়েছে, এতে এমন তথ্যের অভাব রয়েছে, যা নিক্সনের প্রকৃত ভূমিকা তরুণ দর্শনার্থীদের জানতে দেবে না। নিউইয়র্ক টাইমস।