যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, তথ্য আদায় করার জন্য সন্দেহভাজন জঙ্গিদের তিনি পানিতে চুবানোর (ওয়াটার বোর্ডিং) অনুমতি দিয়েছিলেন এবংতা সঠিক সিদ্ধান্ত ছিল। এ ছাড়া ইরান ও সিরিয়ায় তিনি হামলা চালানোরও পরিকল্পনা করেছিলেন। তাঁর আত্মজীবনী ডিসিশন পয়েন্টস-এ বুশ এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার এই আত্মজীবনী প্রকাশিত হয়।যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ৪৯৭ পৃষ্ঠার ডিসিশন পয়েন্টস তুমুল সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দফায় এই বইয়ের ১৫ লাখ কপি বাজারে ছাড়া হয়েছে। জর্জ বুশ বইটিতে ইরাকযুদ্ধসহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি-সংশ্লিষ্ট বহু অজানা তথ্য দিয়েছেন।বইটিতে জর্জ বুশ বলেছেন, নয়-এগারোর হামলার ঘটনায় জড়িত তিন সন্দেহভাজন জঙ্গিকে তিনি পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন। ওই তিনজনের মধ্যে নয়-এগারোর হামলার আত্মস্বীকৃত পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মাদ ছিলেন।বুশের দাবি, পানিতে চুবিয়ে জিজ্ঞাসাবাদ করার কারণেই তাঁদের কাছ থেকে ব্রিটেনের হিথরো বিমানবন্দর ও ক্যানারি হোয়ার্ফ শহরে হামলা পরিকল্পনার আগাম খবর পাওয়া সম্ভব হয়। বুশ বলেন, জিজ্ঞাসাবাদের এই কায়দা প্রয়োগ করা না হলে অনেক বেসামরিক ব্রিটিশের প্রাণ যেত। তিনি পানিতে চুবানোর অনুমতি দেওয়াকে ‘সঠিক’ বলে দাবি করেছেন। খালিদকে জিজ্ঞাসাবাদ করা প্রসঙ্গে বইটিতে বুশ লিখেছেন, খালিদ বলেছেন যে তিনি কেবল আইনজীবী পাওয়ার পরই কথা বলবেন। এ অবস্থায় তাঁর কাছ থেকে তথ্য আদায় করার জন্য তাঁকে পানিতে চুবানোর অনুমতি দিতে হয়েছিল। বুশ বলেন, প্রেসিডেন্ট হিসেবে দেশকে রক্ষা করাই ছিল তাঁর প্রধান কাজ।জর্জ বুশ লিখেছেন, ইরাক ও আফগানিস্তানে হামলা চালানোর পর তাঁর কয়েকজন উপদেষ্টা ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট তাঁকে ইরানের পরমাণু স্থাপনা ও সিরিয়ায় হামলা চালানোর পরামর্শ দেন। বুশ তাঁদের প্রস্তাবে সম্মতও হয়েছিলেন। নিজের সম্মতির কথা জানিয়ে তিনি ওই হামলা কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়টি খতিয়ে দেখতে পেন্টাগন ও সিআইএকে নির্দেশ দেন। তবে পেন্টাগনের কর্মকর্তারা তাঁকে জানান, ইরান ও সিরিয়ায় হামলা চালানো খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এতে ইরানিদের মধ্যে তীব্র জাতীয়তাবোধ তৈরি হবে এবং ইরান তার সমুদ্র এলাকা দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেবে। সেটা যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।ইরাকযুদ্ধের বৈধতা দাবি করে বুশ বলেন, যুক্তরাষ্ট্রকে হুমকিমুক্ত করতে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার প্রয়োজন ছিল। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে বুশ বলেন, ইরাকযুদ্ধ নিঃসন্দেহে সঠিক ছিল। সাদ্দামমুক্ত ইরাকে এখন মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে। এএফপি ও জি নিউজ অনলাইন।