ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন
ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন এখন মহানগর নিউইয়র্কে নির্মাণাধীন নতুন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এর উচ্চতা এক হাজার ৭৭৬ ফুট। শীর্ষ স্থপতিদের একটি সংগঠন এ স্বীকৃতি দিয়েছে।
গত মঙ্গলবার বহুতল ভবনবিষয়ক পরিষদের উচ্চতা-সংক্রান্ত কমিটি ও আরবান হ্যাবিটেট যৌথভাবে শিকাগোতে তাদের এ সিদ্ধান্ত ঘোষণা করে। এর আগে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বহুতল ভবনের মুকুট ছিল উইলিস টাওয়ারের। যা আগে পরিচিত ছিল সিয়ার্স টাওয়ার নামে। এর উচ্চতা এক হাজার ৪৫১ ফুট।

সংশ্লিষ্ট কমিটি ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চূড়ায় স্থাপিত ৪০৮ ফুট সুচসহ এর উচ্চতা নির্ধারণ করেছে। ভবনটির নির্মাণকাজ আগামী বছর শেষ হবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ারের স্থানে এটি নির্মিত হচ্ছে।

কমিটির নির্বাহী পরিচালক অ্যান্টনি উড বলেছেন, এই সুচকে স্থায়ী কাঠামো হিসেবে গণ্য করা হয়েছে। সুচ ছাড়া ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উচ্চতা হবে এক হাজার ৩৬৮ ফুট, যা উইলিস টাওয়ার বা সাবেক সিয়ার্স টাওয়ারের চেয়ে কম। বিবিসি।