উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তাঁর ছোট ছেলে কিম জং উনকে চার তারকাবিশিষ্ট জেনারেল পদে উন্নীত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় এ কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, কিমের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকেও গুরুত্বপূর্ণ পদে উন্নীত করা হয়েছে। ওয়ার্কার্স পার্টির বহুল আলোচিত বৈঠক শুরুর আগে এই ঘোষণা দেওয়া হয়। গত তিন দশকের মধ্যে ক্ষমতাসীন পার্টির এই উচ্চপর্যায়ের বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়।উত্তর কোরীয় নেতা কিম তাঁর উত্তরাধিকার হিসেবে উনের পথ পাকাপোক্ত করতে তাঁকে গুরুত্বপূর্ণ পদ দেবেন—এমন সম্ভাবনা নিয়ে অনেক দিন ধরে জোর গুঞ্জন চলছিল। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কোনো প্রচারমাধ্যমে উনের নাম উল্লেখ করার ঘটনা এটিই প্রথম। পরমাণু কর্মসূচি ও প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৈরিতার কারণে কিমের উত্তরাধিকার নির্বাচনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।জেনারেল পদ পেলেও ২৭ বছর বয়সী উনের কোনো সামরিক অভিজ্ঞতা নেই। তবে এই পদ যে তাঁকে একদিন বাবার আসনে অধিষ্ঠিত করবে, তা প্রায় নিশ্চিত। তাঁর সম্পর্কে যত দূর জানা যায়, তিনি সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন।টেলিভিশনে প্রচারিত ঘোষণায় বলা হয়, নিরঙ্কুশ সমর্থন ও আস্থার ভিত্তিতে বর্ষীয়ান নেতা কিম ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। ৬৮ বছর বয়সী কিম একাধিক জটিল রোগে ভুগছেন। দুই বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিতে চীন যান তিনি। এ সময় তাঁর স্বাস্থ্যের অবনতির কথা ব্যাপকভাবে প্রচার হলেও পিইংইয়ং বা বেইজিং প্রকাশ্যে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তখন থেকেই কিমের উত্তরাধিকার নির্বাচন নিয়ে গুঞ্জন ওঠে। এ ক্ষেত্রে উনের নামটিই সবচেয়ে বেশি শোনা যায়। বিশ্লেষকেরা বলে আসছেন, উত্তরাধিকার নির্বাচনের ক্ষেত্রে ক্ষমতা পারিবারিকভাবে কুক্ষিগত করে রাখার চেষ্টা থাকতে পারে কিমের। ১৯৪৮ সাল থেকে কিমের পরিবার এই ক্ষমতা বজ্রমুঠিতে ধরে রেখেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, কিমের বোন কিয়ং-হুইকেও চার তারকা জেনারেলের পদে উন্নীত করা হয়েছে। কিছু বিশ্লেষকের মতে, কিয়ং-হুইয়ের স্বামী চ্যাং সং-তায়েক ক্ষমতার দিক দিয়ে সে দেশে দ্বিতীয় স্থানে রয়েছেন। কিম পরিবারের দীর্ঘদিনের সহযোগী চো রিয়ং হায়েকেও জেনারেল পদে উন্নীত করা হয়।ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সুং ১৯৯৪ সালে মারা যান। তবে তিনি দলের স্থায়ী সভাপতি পদে এখনো বহাল রয়েছেন। এর আগে দলের সবচেয়ে বড় সম্মেলন হয় ১৯৮০ সালে। ওই সময় সুংয়ের উত্তরাধিকার হিসেবে কিমের পদটি পাকা হয়ে যায়। এএফপি, বিবিসি।