ওয়ার্ল্ড স্টেটসম্যান অ্যাওয়ার্ড পেলেন মনমোহন
২০১০ সালের ওয়ার্ল্ড স্টেটসম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আপিল অব কনশানস ফাউন্ডেশন নামে আন্তধর্মীয় একটি জোট এ পুরস্কার দেয়। মৌলিক মূল্যবোধ ও স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, পারস্পরিক আস্থা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে এ সংগঠনটি।গত মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে মনমোহন সিংয়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত মীরা শঙ্কর।পুরস্কার গ্রহণ উপলক্ষে ধারণকৃত বক্তব্যে মনমোহন সিং বলেন, ‘সেই প্রাচীনকাল থেকে মৌলিক বিশ্বাসই ভারতকে পথ দেখিয়ে আসছে। ভিন্ন ভিন্ন পথে আধ্যাত্মিকতার প্রকাশ ঘটেছে এবং পরম সত্যের পথচলাও ভিন্ন। তার পরও মূল্যবোধ ও আদর্শ সমুন্নত রাখার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ।’প্রশংসাসূচক বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মনমোহনকে দৃঢ়প্রতিজ্ঞ, চারিত্রিক সরলতা ও প্রখর দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন।মার্কিন সরকারের পক্ষ থেকে মনমোহনকে অভিনন্দন জানিয়ে আন্ডার সেক্রেটারি অব স্টেট উইলিয়াম বার্নস বলেন, ‘মনমোহনের মতো এমন সুস্থির মেজাজ এবং বিনয়ের অধিকারী একজন ব্যক্তিকে রাষ্ট্রনায়ক হিসেবে পাওয়া ভারতের জন্য সৌভাগ্যের ব্যাপার।’ এএফপি।