ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলনের ছয় মাস পূর্তি, গ্রেপ্তার ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকের তালে নেচে-গেয়ে ও মুহুর্মুহু স্লোগান দিয়ে গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলনের ছয় মাস পূর্তি উদ্যাপন করা হয়েছে। এ সময় অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আন্দোলনের ছয় মাস পূর্তি উপলক্ষে জুকোটি পার্কে শনিবার সকাল থেকেই বিচ্ছিন্নভাবে আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। দুপুরের দিকে পুরো ওয়াল স্ট্রিট এলাকা জনাকীর্ণ হয়ে ওঠে। বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে আন্দোলনকারীরা যে যাঁর মতো ব্যানার-ফেস্টুন বহন করছিলেন। থেকে থেকে স্লোগান উঠছিল, ‘আমরাই ৯৯ শতাংশ—আমরাই সংখ্যাগরিষ্ঠ’। একপর্যায়ে খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা মাইকেল মুরও আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। তিনি স্লোগান দেন, ‘সারা দিন, সারা সপ্তাহ ওয়ালস্ট্রিট দখলে রাখো।’ আন্দোলনকারীরা রাতে জুকোটি পার্কে অবস্থানের আয়োজন করেন। কিন্তু মধ্যরাতের দিকে কার্ডবোর্ড ও ত্রিপল দিয়ে একটি তাঁবু তৈরি করা হয়। এ ধরনের তাঁবু খাটানো নিষিদ্ধ উল্লেখ করে পুলিশ তা সরিয়ে নিতে বলে। এ নিয়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দাবি, অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় আহত তিন নারীকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া পার্কের অদূরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স রাখা হয়। গত ১৭ সেপ্টেম্বর থেকে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ নামের নতুন ধারার আন্দোলন এই জুকোটি পার্ক থেকেই শুরু হয়। পরে তা যুক্তরাষ্ট্রের সীমা ছাড়িয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে পড়ে। কোনো একক নেতৃত্ব ছাড়াই এবং রাজনৈতিক দলবিহীন অহিংস এই আন্দোলন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিমধ্যে প্রভাব ফেলেছে বলে মনে করা হয়। এই আন্দোলনের কারণে ধনী-গরিব ও সামাজিক বৈষম্য নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীরা ঘোষণা করেন, শীতের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে আবারও তাঁদের আন্দোলন জোরদার করা হবে। নিউইয়র্কসহ সারা দেশে চলবে এই আন্দোলন। নিউইয়র্কে এখন থেকে প্রতি শুক্রবার ওয়াল স্ট্রিট দখল আন্দোলনের শোভাযাত্রা বের করা হবে। এসব শোভাযাত্রায় নিজ উদ্যোগে অংশ নেওয়ার জন্য সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।এ ছাড়া ১ মে যুক্তরাষ্টজুড়ে বড় ধরনের শোভাযাত্রা বের করার প্রস্তুতি নিচ্ছেন ওয়াল স্ট্রিট দখল আন্দোলনকারীরা। মে দিবসের ওই শোভাযাত্রায় কাজ-কর্ম বন্ধ রেখে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নিউইয়র্কের ওয়াল স্ট্রিট দখল আন্দোলনের পক্ষ থেকে ইতিমধ্যে পোস্টার ছাড়া হয়েছে। গতকাল রোববার ভোরের দিকে আন্দোলনকারীরা জুকোটি পার্ক ত্যাগ করেন। এর পরও ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।