ওয়াল স্ট্রিটবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে সংঘর্ষ, গ্রেপ্তার ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে গত সোমবার ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনের বর্ষপূর্তি সমাবেশে যোগদানকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গত সোমবার ছিল ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলনের প্রথম বর্ষপূর্তি। যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি নগরে আন্দোলনের বর্ষপূর্তি পালিত হয়। এ উপলক্ষে আন্দোলনকারীরা গত শুক্রবার থেকে নিউইয়র্কে জড়ো হতে থাকে।সোমবার দিনভর নিউইয়র্ক নগর ছিল আন্দোলনমুখর। কর্মদিবসের শুরুতে একদল বিক্ষোভকারী স্টক এক্সচেঞ্জ অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রাখার জন্য ম্যানহাটনের পুরো বাণিজ্যিক এলাকা ঘিরে রাখে পুলিশ।বিক্ষোভকারীরা ছোট ছোট দলে ব্যাংক অব আমেরিকাসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় পুলিশ নাগরিক বিধি লঙ্ঘনের অভিযোগে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে।আন্দোলনের সূতিকাগার জুকোটি পার্ক থেকে রাতে দাবি করা হয়, দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ আন্দোলনের বর্ষপূর্তিতে বিপুলসংখ্যক সাধারণ নাগরিকের সংহতি ছিল লক্ষণীয়। জুকোটি পার্কে বিক্ষোভকারীদের জন্য পর্যাপ্ত তৈরি খাবার ও পানীয় জল সরবরাহ করা হয়। ওই পার্ক থেকে ইন্টারনেটে সরাসরি বিক্ষোভের ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়। সমাবেশ থেকে সব ধরনের সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম বেগবান করার ঘোষণা দেওয়া হয়েছে।বাণিজ্যিক আধিপত্যের প্রতীক নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ লক্ষ্য করে এক বছর আগে অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলন শুরু হয়। নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে অবস্থিত স্টক এক্সচেঞ্জের কাছেই জুকোটি পার্ক। নেতা ও রাজনৈতিক দলবিহীন ব্যতিক্রমধর্মী এ আন্দোলন ২০১১ সালের ১৭ সেপ্টেম্বর শুরু হয় ওই পার্কে। দ্রুত তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শুরু করে বিশ্বের প্রসিদ্ধ ৯০টি নগরে ছড়িয়ে পড়ে।