ওয়াশিংটন পোস্টও বিক্রি হলো
বিক্রি হয়ে গেল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট। ২৫ কোটি ডলারের বিনিময়ে পত্রিকাটি কিনে নেন বিশ্বের অন্যতম বড় অনলাইন প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী জেফরি বেজোস।হাতবদলের মধ্য দিয়ে গত আট দশকের পারিবারিক মালিকানার অবসান ঘটল ওয়াশিংটন পোস্ট-এর। পত্রিকাটি এত দিন গ্রাহাম পরিবারের মালিকানাধীন ছিল। এর প্রধান নির্বাহী ডোনাল্ড গ্রাহাম গত সোমবার কাগজটির প্রধান কার্যালয়ে মালিকানা বদলের এ খবর প্রকাশ করেন।যুক্তরাষ্ট্রের আরেকটি প্রভাবশালী দৈনিক বোস্টন গ্লোব এবং প্রভাবশালী সাময়িকী নিউজউইক বিক্রির এক দিন পরই দ্য ওয়াশিংটন পোস্ট বিক্রি হয়ে গেল। মার্কিন সমাজে তিন প্রজন্মের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট-এর গ্রাহকসংখ্যা ১৯৯৩ সালেও ছিল প্রায় ১০ লাখ। তা এখন অর্ধেকে নেমে এসেছে। একদিকে পত্রিকাটি ইন্টারনেটসহ প্রযুক্তিগত পরিবর্তন সামাল দিতে পারছিল না, অন্যদিকে ব্যাপক ভাটা পড়েছিল বিজ্ঞাপনেও। আলোচিত ওয়াটার গেট কেলেঙ্কারির খবর প্রথম প্রকাশ করে এই ওয়াশিংটন পোস্ট। ওই কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে ১৯৭৪ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল।পত্রিকাটির বর্তমান প্রকাশক ক্যাথরিন ওয়েমাউথ বলেন, ‘এমন দিন আসবে তা আমি ও আমার পরিবার কখনো ভাবিনি।’বিক্রয়ের শর্ত অনুযায়ী, ওয়াশিংটন পোস্ট পত্রিকা, ওয়েবসাইট এবং এর আরও যেসব প্রকাশনা আছে, সেগুলো ও প্রকাশনা কার্যক্রমের মালিকানা পেয়েছে অ্যামাজন। তবে ওয়াশিংটনে পত্রিকাটির আকর্ষণীয় প্রধান কার্যালয়টি পাচ্ছেন না বেজোস। ওয়াশিংটন পোস্ট, টেলিগ্রাফ, বিবিসি।