পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন শুরু হলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার রাতেই ওয়াশিংটনের উদ্দেশে তেল আবিব ত্যাগ করেন। আজ মঙ্গলবার ওয়াশিংটনে এ দুই নেতার বৈঠকে বসার কথা রয়েছে। খবর এএফপি ও এবিসি নিউজ অনলাইনের।ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, গত রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জর্জ মিশেল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন। তিনি ওবামার পাঠানো আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেন। জর্জ মিশেলের সঙ্গে বৈঠকের পরপরই ইসরায়েল সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। জর্জ মিশেল ও মুনের সঙ্গে বৈঠক সেরে নেতানিয়াহু ওয়াশিংটনের পথে রওনা হন। ওয়াশিংটনে রওনা হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি আবারও পূর্ব জেরুজালেমে বসতি গড়া অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন আর তেল আবিবে বাসস্থান গড়ার মধ্যে কোনো তফাত্ নেই।তবে এ পর্যন্ত কোনো রাষ্ট্র বা সংগঠন ইসরায়েলের নতুন বসতি স্থাপনের উদ্যোগকে বৈধ বলে স্বীকার করেনি।নতুন বসতি স্থাপন না করার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি আহ্বান জানানোর পরও নেতানিয়াহু গত সপ্তাহে তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইসরায়েল সফর করছিলেন, ঠিক তখনই নেতানিয়াহু এ ঘোষণা দেওয়ায় বিষয়টিকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।আজ ওয়াশিংটনে যে বৈঠক হতে যাচ্ছে, তাতে নেতানিয়াহু বসতি নির্মাণ থেকে বিরত থাকার ঘোষণা না দিলেও থমকে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে তিনি কিছুটা উদার অবস্থানে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।গত শুক্রবার মস্কোয় মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার প্রধান চার মধ্যস্থতাকারী দেশ ও সংগঠন—ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠক করেন। ওই বৈঠকে তাঁরাও ইসরায়েলকে বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানান। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, জেরুজালেমে অবৈধ বসতি স্থাপন বন্ধ না করলে কোনো শান্তিপ্রক্রিয়াই কার্যকর হবে না।বিশ্লেষকেরা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সৃষ্ট সংকট দূর করতে উভয় দেশই চেষ্টা করে যাচ্ছে। তবে এ মনস্তাত্ত্বিক টানাপোড়েন যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলবে, সে বিষয়ে কারও সন্দেহ নেই।