ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা সম্মেলন ১২-১৩ এপ্রিল
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ১২-১৩ এপ্রিল ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তার ওপর এক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। গিবস বলেন, ‘অরক্ষিত পরমাণু সরঞ্জামগুলোর নিরাপত্তা এবং পরমাণুসংশ্লিষ্ট সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে আমরা যেন সমন্বিতভাবে পদক্ষেপ নিতে পারি, সে লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ২০০৯ সালের এপ্রিলে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক বক্তৃতায় ওবামা ‘পরমাণু নিরাপত্তা’ শীর্ষক আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠানের কথা জানান। প্রাগে ওই বক্তৃতায় তিনি পরমাণুমুক্ত একটি বিশ্ব গড়ার আহ্বান জানান।গিবস বলেন, বিষয়টি নিয়ে ওবামা শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে এক ভিডিও কনফারেন্স করেন। তাঁরা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, আফগানিস্তান, সন্ত্রাসবাদ, চলমান অর্থনৈতিক ও বাণিজ্য ইস্যু নিয়ে আলোচনা করেন। শীর্ষ সম্মেলনে মেরকেলের অংশগ্রহণের বিষয়টি জার্মানি ইতিমধ্যে নিশ্চিত করেছে। হোয়াইট হাউসের অপর এক মুখপাত্র বেঞ্জামিন চাং বলেন, হোয়াইট হাউস ৪০টিরও বেশি দেশকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এএফপি।