ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসে ইরানি পরমাণুবিজ্ঞানীর আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের একজন পরমাণুবিজ্ঞানী ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের গুপ্তচরেরা গত বছর তাঁকে অপহরণ করেছিল। সেখান থেকে পালিয়ে এসে তিনি পাকিস্তানের দূতাবাসে উঠেছেন। ইরানের গণমাধ্যমগুলো গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।বার্তা সংস্থা মেহের বলেছে, মার্কিনিদের হাতে অপহূত শাহরাম আমিরি নামের ওই পরমাণু বিশেষজ্ঞ ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসে উঠেছেন। সেখান থেকে তাঁকে দ্রুত ইরানে ফেরত যেতে বলা হয়েছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বলেছে, ইরানের কর্মকর্তারা ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। পাকিস্তানের কর্মকর্তারা আমিরিকে তাঁদের দূতাবাসে আশ্রয় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।তবে ইরানের এ দাবির এ ব্যাপারে ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাস অথবা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি।ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিন দশকেরও বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক নেই। এ কারণে যুক্তরাষ্ট্রে ইরানের স্বার্থসংশ্লিষ্ট কাজ পাকিস্তানের দূতাবাসের মাধ্যমে সম্পন্ন করা হয়। আর তেহরানে সুইস দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট কাজ করা হয়।ইরান গত সপ্তাহে বলেছিল, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের হাতে বিজ্ঞানী আমিরির অপহূত হওয়ার ‘প্রমাণ’ তারা সুইস দূতাবাসে হস্তান্তর করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিম মেহমানাপারাস্ত বলেছেন, ‘আমরা আশা করি, মার্কিন গোয়েন্দাদের হাতে ইরানের নাগরিকের অপহূত হওয়ার ঘটনায় হস্তান্তর করা প্রমাণের ব্যাপারে যুক্তরাষ্ট্র জবাব দেবে।’গত ২৯ জুন ইরানের টেলিভিশনে আমিরি নামের এক ব্যক্তিকে দেখিয়ে বলা হয়েছিল, ভার্জিনিয়ায় মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের হেফাজত থেকে তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এ সময় আমিরিকে বলতে দেখা গেছে, ‘মার্কিনি গোয়েন্দাদের হাতে আমি আবার আটক হতে পারি। কিন্তু আমি মুক্ত নই। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। যদি আমার কিছু ঘটে কিংবা যদি আমি বাড়ি ফিরে যেতে না পারি, তাহলে এর জন্য যুক্তরাষ্ট্র সরকারই দায়ী থাকবে।’ এএফপি।