ওয়াশিংটনে মনমোহন ও গিলানির মধ্যে সংক্ষিপ্ত আলোচনা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির মধ্যে গত সোমবার প্রায় পাঁচ মিনিট আলোচনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজিত এক নৈশভোজে তাঁদের মধ্যে এ সংক্ষিপ্ত আলোচনা হয়। তাঁরা একে অপরের সঙ্গে করমর্দন করেন এবং এ সময় তাঁরা দুজনই হাসিখুশি ছিলেন।ওই নৈশভোজে তাঁদের আলোচনা করতে দেখা গেছে। তবে তাঁরা কী নিয়ে আলোচনা করেছেন তা স্পষ্ট নয়। পাকিস্তান দূতাবাসের মুখপাত্র নাদিম কিয়ানি জানান, এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়।এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ বলেন, মনমোহন ও গিলানি করমর্দন করেন এবং বিভিন্ন বিষয়ে হাস্য-রসিকতা করেন। এ ছাড়া তিনি বিস্তারিত আর কিছু জানাননি। মনমোহন সিং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বলেন, মুম্বাই হামলার সঙ্গে জড়িতদের শাস্তির ব্যাপারে পাকিস্তানের ইচ্ছার অভাব রয়েছে। এই কথা বলার এক দিন পর তাঁদের মধ্যে এ আলোচনা হলো।ওয়াশিংটনের ওই পরমাণু নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি অনেক দেশ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। বিবিসি, পিটিআই।