ওয়াশিংটনে মরক্কোর নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে মরক্কোর এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর ক্যাপিটল হিল ভবনের অদূরে আমিন আল খলিফি (২৯) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত আমিন আল খলিফি জন্মসূত্রে মরক্কোর নাগরিক। ১৬ বছর বয়সে ভ্রমণভিসায় তিনি যুক্তরাষ্ট্রে আসেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, ১৯৯৯ সালে ভিসার মেয়াদ শেষ হলেও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়া এলাকায় বাস করছিলেন খলিফি। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে সন্ত্রাস দমনে নিয়োজিত গোয়েন্দাদের পাতা ফাঁদে আটকা পড়েন খলিফি। আদালতে উপস্থাপন করা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের জানুয়ারি থেকেই খলিফির ওপর গোয়েন্দা নজরদারি চলছিল। পরিচয় গোপন রেখে ‘ইউসুফ’ নামের একজন গোয়েন্দা খলিফির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ মানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ’—ইউসুফের এমন কথায় একমত হন খলিফি। এর পর থেকে ষড়যন্ত্র করতে থাকেন, কীভাবে ‘মুসলমানদের’ পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রে বড় ধরনের হামলা করা যায়। শুক্রবার খলিফি হামলার উদ্দেশ্যে ক্যাপিটল হিল ভবন এলাকায় গেলে সেখানে অবস্থান নেওয়া গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এফবিআই জানায়, খলিফির কাছে কখনোই মারাত্মক কোনো অস্ত্র সরবরাহ করা হয়নি।