ওয়াশিংটনে রিপাবলিকান ককাসে মিট রমনির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে গত শনিবার রিপাবলিকান পার্টির ককাসে জয়লাভ করেছেন মিট রমনি। রাজ্যের বেশির ভাগ এলাকা থেকে পাওয়া খবরে বলা হয়েছে, ককাসে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রমনি ৩৬ শতাংশ ভোট পেয়েছেন। রমনির প্রতিদ্বন্দ্বী পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম এবং টেক্সাসের কংগ্রেস সদস্য রন পল প্রত্যেকে ২৫ শতাংশ ভোট পেয়েছেন। সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচ পেয়েছেন মাত্র ১০ দশমিক ৯ শতাংশ ভোট।প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতায় বিপুলসংখ্যক ভোটার অংশ নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। প্রার্থী বাছাইয়ের দৌড়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ভোটারদের মধ্যে কৌতূহল বেড়েছে বলে মনে করা হচ্ছে।ওয়াশিংটনে জেতার পর টুইটবার্তায় মিট রমনি বলেন, ‘এ জয়ে আমি আনন্দিত। সমর্থন দেওয়ার জন্য আমি ভোটারদের ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, এ ফল এটাই প্রমাণ করে ওয়াশিংটনের ভোটাররা একজন রক্ষণশীল ব্যবসায়ীকে চান, যিনি বেসরকারি খাত সম্পর্কে সজাগ।রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের দৌড়ে প্রত্যাশা অনুযায়ী মিট রমনিই এখনো সব মিলিয়ে এগিয়ে আছেন। রিপাবলিকান পার্টির নেতারা এখন কাল মঙ্গলবারের ‘সুপার টিউয়েজ ডে’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই দিন ১০টি অঙ্গরাজ্যে ককাস ও প্রাইমারি হবে। এএফপি ও বিবিসি।