লিবিয়ায় মার্কিন অভিযানের ব্যাপারে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে ত্রিপোলি।
গত শনিবার লিবিয়া ও সোমালিয়ায় শীর্ষ ইসলামি জঙ্গিদের অবস্থানে দুটি পৃথক অভিযান চালিয়েছে মার্কিন বিশেষ বাহিনী। লিবিয়ায় পরিচালিত অভিযানে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আবু আনাস আল-লিবি গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ কথা নিশ্চিত করার পর অভিযানের বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে ত্রিপোলি।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আগে থেকে না জানিয়ে দেশটির ভূখণ্ডে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান এবং আল-কায়েদার কথিত জ্যেষ্ঠ এক নেতাকে অপহরণের বিষয়ে গতকাল রোববার ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জাইদান।
যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাওয়া-সংক্রান্ত একটি বিবৃতি লিবিয়া সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, লিবিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের পরিকল্পনা সম্পর্কে সরকারকে আগে থেকে কিছুই জানানো হয়নি। লিবিয়ার একজন নাগরিককে অপহরণের খবরটির দিকে সরকার নজর রাখছে। খবরটি জানার পর মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে তাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। লিবিয়া তার কোনো নাগরিককে দেশের ভেতরেই বিচার করতে চায়।
অবশ্য এর আগে একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছিলেন, লিবিয়ার সরকারকে জানিয়েই ওই অভিযান পরিচালিত হয়।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অভিযান চালিয়ে আল-কায়েদার নেতা লিবিকে গ্রেপ্তার করে মার্কিন কমান্ডোরা। লিবি ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় অভিযুক্ত।
লিবির আত্মীয়স্বজন ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপোলিতে নিজ বাড়ির সামনে থেকে শনিবার সকালে লিবিকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় তিনি তাঁর বাড়ির সামনে গাড়ি পার্ক করছিলেন। একপর্যায়ে তিনটি গাড়ি তাঁকে ঘিরে ফেলে। লিবির ভাই নাবিহ জানান, লিবির স্ত্রী তাঁকে ধরে নিয়ে যেতে দেখেছেন। অপহরণকারীরা দেখতে বিদেশি কমান্ডোদের মতো বলে তিনি বর্ণনা করেছেন।
লিবিকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল এক বিবৃতিতে বলেন, মার্কিন সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে লিবিকে ‘আইনসংগতভাবে’ আটক করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী তাঁকে লিবিয়ার বাইরে একটি নিরাপদ স্থানে রেখেছে।
১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার মূল পরিকল্পনাকারী ভাবা হয় ৪৯ বছর বয়সী লিবিকে। ওই হামলায় ২২০ জনের বেশি লোক নিহত হয়েছিল। এক দশকের বেশি সময় ধরে লিবি মার্কিন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের গ্রেপ্তারি পরোয়ানা তালিকায় ছিলেন।