ওয়েতাহাকে প্রেসিডেন্ট মেনে নিতে জাতিসংঘের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের সব রাজনৈতিক দলের প্রতি সে দেশের বিরোধীদলীয় নেতা আলাসেন ওয়েতাহাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে জাতিসংঘ সে দেশে থাকা শান্তিরক্ষীদের অবস্থানের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত সোমবার নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। আইভরি কোস্টের ক্ষমতাসীন প্রেসিডেন্ট লঅন্ত বাগবো সম্প্রতি সে দেশে অবস্থানরত জাতিসংঘের ১০ হাজার শান্তিরক্ষীকে সে দেশে অবৈধ ঘোষণা করেন এবং তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তাঁর ওই ঘোষণার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে। বৈঠকে বিরোধীদলীয় নেতা ওয়েতাহাকে সে দেশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাঁকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেওয়ার জন্য আইভরি কোস্টের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া সে দেশে শান্তিরক্ষীদের অবস্থানের সময়সীমা ছয় মাস বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘ বলেছে, আইভরি কোস্টের শান্তিরক্ষীদের ওপর হামলা হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো প্রেসিডেন্ট বাগবো, তাঁর স্ত্রী ও ১৭ জন ঘনিষ্ঠ সহযোগীর বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইইউর পররাষ্ট্রনীতির প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন বলেছেন, এতে তাঁরা ইইউভুক্ত কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, আইভরি কোস্টের নির্বাচন স্বচ্ছ হয়েছে। এর ফলাফলও সবার কাছে পরিষ্কার। এ কারণে বাগবোকে সরে যেতেই হবে।আইভরি কোস্টে আন্তর্জাতিক মধ্যস্থতায় সেখানে গত ২৮ নভেম্বর নির্বাচন হয়। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বিরোধী নেতা ওয়েতাহাকে বিজয়ী ঘোষণা করলেও পরে দেশটির সাংবিধানিক পরিষদ প্রাথমিক ফলাফলকে বাতিল ঘোষণা করে। বিবিসি।