ওয়েলসে কামরু ভাষা আন্দোলনের ৫০তম বার্ষিকী পালন
ফেব্রুয়ারি মাস বাংলা ভাষা ছাড়াও আরও একটি ভাষার মর্যাদা আদায়ের আন্দোলনের মাস। সেই ভাষাটি হচ্ছে ‘কামরু’। যুক্তরাজ্যের ওয়েলস রাজ্যের ওয়েলসভাষীরা (ওয়েলসের ভাষায় ওয়েলস জাতি ও ভাষা দুটোকেই বলা হয় ‘কামরু’) তাঁদের ভাষার সরকারি স্বীকৃতির দাবিতে ১৯৬৩ সালের ২ ফেব্রুয়ারি আন্দোলনের সূচনা করেছিলেন। গতকাল শনিবার ছিল সেই আন্দোলনের ৫০তম বার্ষিকী। এ উপলক্ষে ওয়েলসজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওয়েলস ভাষা সমিতির (সিমেদেইথাস ইর লেইথ গিমরায়েগ) সদস্যরা এদিন অ্যাবেরস্টুইথ শহরের ট্রেফেখান সেতুর ওপর দিয়ে চলে যাওয়া প্রধান সড়কটির মাঝখানে বসে থেকে তাঁদের প্রতিবাদের সূচনা করেছিলেন। এরপর কয়েক দশক ধরে ওই একই স্থানে তাঁরা একই ধরনের প্রতিবাদ জানিয়ে এসেছেন। আন্দোলনের ৫০তম বার্ষিকীতে গতকালও অ্যাবেরস্টুইথ শহরের বিভিন্ন রাস্তায় ভ্রাম্যমাণ পথনাটকের আয়োজন করে গেনেডস্নাথল কামরু নামের থিয়েটার দল। অ্যাবেরস্টুইথ ইউনিভার্সিটি, গ্লামারগান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়েলস ট্রিনিটি সেন্ট ডেভিডস এবং ন্যাশনাল ওয়েলস মিডিয়াম কলেজের ৬০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী এসব অনুষ্ঠানে অংশ নেয়। ১৯৬৩ সালে আন্দোলন শুরু হলেও ওয়েলসে সরকারি ভাষা হিসেবে ইংরেজির পাশাপাশি কামরু স্বীকৃতি পায় ১৯৯৩ সালে। আর ১৯৯৮ সালে রাজ্য সরকার রাজ্যের সব সরকারি কাজে ইংরেজি ও কামরু ভাষার ব্যবহার বাধ্যতামূলক করে।তবে, সাম্প্রতিক কালে আদমশুমারিতে দেখা গেছে, ওয়েলস রাজ্যে কামরু ভাষা ব্যবহারের চল কমে আসছে। ২০০১ সালে যেখানে রাজ্যের ১৯৭টি কাউন্সিলে ৫০ শতাংশেরও বেশি লোক কামরু ভাষায় কথা বলতেন, সেখানে ২০১১ সালে তা নেমে এসেছে মাত্র ১৫৭টি কাউন্সিলে। ওই শুমারি অনুযায়ী, ওয়েলসে নিজস্ব ভাষা ব্যবহারকারীর সংখ্যা ১০ বছরে প্রায় ২ শতাংশ কমে এখন ১৯ শতাংশে এসে দাঁড়িয়েছে।