ওয়েস্টমিনস্টারে আটক চালকের পরিচয় প্রকাশ

লন্ডনের ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় আটক চালকের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাজ্য পুলিশ। ওই চালকের নাম সালি খাতের। বয়স ২৯। তিনি সুদানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ওই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আছে কি না, তা অনুসন্ধানে গতকাল মঙ্গলবার রাতে বার্মিংহাম এবং নটিংহামের কয়েকটি ঠিকানায় অভিযান চালায় পুলিশ।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে পার্লামেন্টের বাইরে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দিলে তিনজন আহত হন। সিলভার রঙের ফোর্ড ফিয়েস্তা গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই ওই গাড়ি থেকে আটক হন সালি খাতের। গাড়িতে তিনি একাই ছিলেন। গাড়িতে কোনো অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি।
যুক্তরাজ্য পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান (হেড অব কাউন্টার টেররিজম) নিল বসু বলেন, ঘটনাস্থলের গুরুত্ব এবং ঘটনাটি ইচ্ছাকৃত প্রতীয়মান হওয়ায় এটিকে প্রাথমিকভাবে সন্ত্রাসী কাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি গোয়েন্দা সংস্থা এমআই৫ কিংবা সন্ত্রাসবিরোধী পুলিশের কাছে পরিচিত নয়। তবে স্থানীয় পুলিশের কাছে পরিচিত ছিল। যুক্তরাজ্য পুলিশের সদর দপ্তর বলেছে, আটকের পর ঘাতক চালক পুলিশের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করেননি।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, গাড়িটি আগের রাতে বার্মিংহাম থেকে লন্ডনে আসে। সোমবার দিবাগত মধ্যরাতে লন্ডনে পৌঁছানোর পর গাড়িটি টোটেনহ্যাম কোর্ট রোড এলাকায় প্রায় ৫ ঘণ্টা ছিল। বিধ্বস্ত হওয়ার প্রায় ৯০ মিনিট আগে সেটি ওয়েস্টমিনস্টার এলাকায় প্রবেশ করে। রাস্তায় বসানো ‘নম্বর প্লেট রিকগনিশন’ ক্যামেরার ফুটেজ যাচাই করে পুলিশ গাড়িটির গতিবিধি চিহ্নিত করতে সক্ষম হয়।
সন্দেহভাজন সালি খাতের বার্মিংহামের স্পার্কব্রুক এলাকায় একটি ইন্টারনেট ক্যাফের ওপরে বসবাস করতেন বলে ধারণা। প্রায় চার মাস আগে তিনি লন্ডনের হাইগেট এলাকায় বসবাস শুরু করেন। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত তিনি কভেনট্রি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।