ঔপন্যাসিক জ্যাকি কলিন্স আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যা​িক কলিন্স
জ্যা​িক কলিন্স

যুক্তরাজ্যে জন্ম নেওয়া জনপ্রিয় ঔপন্যাসিক জ্যাকি কলিন্স (৭৭) আর নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত শনিবার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। গত ছয় বছরের বেশি সময় ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন এ লেখক। খবর এএফপির।
পরিবার সূত্রে জানা গেছে, জ্যাকি কলিন্স জীবনের শেষ দিনগুলো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের বাড়িতেই ছিলেন। হলিউডের খ্যাতনামা অভিনেত্রী জোয়ান কলিন্স তাঁর বড় বোন।
জ্যাকি কলিন্স ১৯৩৭ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্ম নেন। স্কুলে পড়ার সময়ই লেখালেখি শুরু করেন তিনি। তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কলম থামেনি। সব মিলিয়ে জ্যাকি কলিন্সের ৩২টি উপন্যাস নিউইয়র্ক টাইমস-এর ‘বেস্টসেলার’ তালিকায় স্থান পেয়েছে। তাঁর প্রথম উপন্যাস দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অব ম্যারিড মেন প্রকাশিত হয় ১৯৬৮ সালে। বেস্টসেলার হয়েছিল সে বই।
জ্যাকি কলিন্সের অন্যান্য জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে কনফেশনস অব আ ওয়াইল্ড চাইল্ড, দ্য স্টাড, হলিউড ওয়াইভস, লাকি ও লেডি বস। তাঁর সৃষ্ট চরিত্রগুলোর বেশির ভাগই লালসা, ক্ষমতা ও লোভের দ্বারা তাড়িত। তাঁর কয়েকটি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র ও টিভি সিরিজ নির্মিত হয়েছে। ৪০টি দেশে বিভিন্ন ভাষায় তাঁর ৫০ কোটি বই বিক্রি হয়েছে।
দুবার বিয়ে করেছিলেন জ্যাকি কলিন্স। দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করেছেন ২৫ বছরের বেশি, ১৯৯২ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত। জ্যাকির তিন মেয়ে জীবিত রয়েছেন। সাড়ে ছয় বছর আগে ক্যানসারে আক্রান্ত হন এ লেখক। তবে বিষয়টি তিনি অনেকের কাছেই গোপন রেখেছিলেন।