এক ব্যর্থ অভিযানের নথিপত্র কংগ্রেসকে দিতে অস্বীকার
কংগ্রেস অবমাননার দায়ে অভিযুক্ত মার্কিন শীর্ষ আইন কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসকে অবমাননার দায়ে অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারকে অভিযুক্ত করা হয়েছে। অবৈধ অস্ত্র কেনাবেচা বন্ধে পরিচালিত এক ব্যর্থ অভিযানের নথিপত্র কংগ্রেসকে দিতে অস্বীকার করায় হোল্ডারের বিরুদ্ধে আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কংগ্রেস অবমাননার প্রস্তাব আনা হয়। গত বৃহস্পতিবার ভোটাভুটিতে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবের পক্ষে ২৫৫টি এবং বিপক্ষে ৬৭টি ভোট পড়ে।অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কংগ্রেসে অবমাননার প্রস্তাব উত্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেন শীর্ষ ডেমোক্র্যাট নেতারা। ভোটাভুটির আগে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় শীর্ষ নেতা ন্যান্সি পেলোসির নেতৃত্বে শতাধিক সদস্য অধিবেশনকক্ষ ত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ভোটাভুটির সিদ্ধান্তকে তাঁরা একপেশে ও দলীয় দৃষ্টিভঙ্গির প্রকাশ বলে দাবি করেন। অধিবেশনকক্ষ থেকে ওয়াকআউটের পর ডেমোক্র্যাট দলীয় প্রভাবশালী সদস্য গ্রেগরি মিকস বলেন, ‘এ রাজনৈতিক খেলার অংশীদার হতে চাই না আমরা।’ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তাকে অবমাননার দায়ে অভিযুক্ত করল কংগ্রেস। এরিক হোল্ডার প্রেসিডেন্ট বারাক ওবামার মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। হোয়াইট হাউসের জনসংযোগ পরিচালক ড্যান পাইপার এক বিবৃতিতে বলেন, কংগ্রেসের আইনগত পর্যবেক্ষণের পরিবর্তে বিষয়টি নিয়ে রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার দিকেই মনোযোগী ছিলেন রিপাবলিকানেরা। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত স্বার্থ হাসিল হলো।অন্যদিকে অ্যাটর্নি জেনারেল প্রতিক্রিয়ায় বলেন, আইনপ্রণেতারা ‘সম্পূর্ণ অবাস্তব’ ষড়যন্ত্র তত্ত্বের পেছনে তাড়িত হয়েছেন। ‘ভুল পথে পরিচালিত’ হয়ে কংগ্রেসে ভোটাভুটি হয়েছে। অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অবমাননা অভিযোগের মূলে রয়েছে গত বছরের ৪ ফেব্রুয়ারি বিচার বিভাগের (জাস্টিস ডিপার্টমেন্ট) একটি চিঠি। ওই চিঠিতে অবৈধ অস্ত্রের চালান ও বেচাকেনা বন্ধে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ নামে পরিচালিত ব্যর্থ এক অভিযানের নথিপত্র কংগ্রেসকে দিতে অস্বীকৃতি জানানো হয়। বিবিসি, এএফপি।