আগামী লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেস দল তাদের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করবে না। গতকাল শুক্রবার দলটির জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয় সিং এ কথা বলেছেন। আগামী বছর নির্বাচনে কংগ্রেস দলের জয় হলে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আবারও প্রধানমন্ত্রী পদে প্রার্থী করা হবে কি না, এ বিষয়েও কিছু বলেননি জ্যেষ্ঠ এই নেতা। গতকাল এক সাক্ষাৎকারে দিগ্বিজয় সিং বলেন, ‘আমাদের রাষ্ট্রপতি পদ্ধতির সরকার নেই। তাই কংগ্রেস দল নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী প্রার্থীর নামও ঘোষণা করতে পারে না। এমনকি কর্ণাটক রাজ্যে নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করা হবে না।’ প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিতর্কিত নেতা নরেদ্র মোদিকে নির্বাচনী প্রচারণা দলের প্রধান করেছে। ধারণা করা হচ্ছে, বিজেপি জয়ী হলে তাঁকেই প্রধানমন্ত্রী করা হবে।
কংগ্রেস দলের পক্ষ থেকে এ ধরনের কোনো পরিকল্পনা হাতে নেওয়া হয়নি। এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দিগ্বিজয় সিং বলেন, ‘বিজেপি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এটা তাদের ব্যাপার। আমরা আদর্শের রাজনীতি করি।’
মনমোহন সিংকে আবার প্রধানমন্ত্রী প্রার্থী করা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে দিগ্বিজয় সিং বলেন, ‘প্রথমে দেশ আমাদের আরেকবার ক্ষমতায় যাওয়ার সুযোগ তো দিক। পরে কাকে প্রধানমন্ত্রী করা যায়, এ বিষয়ে সংসদীয় দল ও দলীয় প্রধান সিদ্ধান্ত নেবেন।’ পিটিআই।