কংগ্রেস ও বিজেপিতে কাজিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের দিন ক্রমশ এগিয়ে এলেও প্রার্থী পছন্দের জট খুলতে এখনো দুই প্রধান দল কংগ্রেস ও বিজেপির হিমশিম অবস্থা। গুজরাট ও উত্তর প্রদেশের প্রার্থী ঠিক করতে আজ শনিবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বসছে। এই বৈঠকে নরেন্দ্র মোদি এবং লালকৃষ্ণ আদভানির আসন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা। অন্যদিকে কংগ্রেসের সমস্যা পশ্চিমবঙ্গের তালিকা নিয়ে।
মোদি ও আদভানিকে নিয়ে সমস্যা কীভাবে কাটবে সেদিকে বিশেষ করে বিজেপি-সমর্থকদের ব্যাপক আগ্রহ। নরেন্দ্র মোদি গুজরাটের বাইরেও উত্তর প্রদেশ থেকে ভোটে দাঁড়াতে চাইছেন। এ জন্য বিজেপির আদর্শিক মিত্র সংঘ পরিবারের পছন্দের কেন্দ্র বারানসি। কিন্তু বারানসির সাংসদ প্রবীণ মুরলি মনোহর যোশি কেন্দ্র ছেড়ে অন্যত্র যেতে নারাজ। যোশি বারানসি না ছাড়লে মোদিকে লক্ষেৗ থেকেও দাঁড় করানো হতে পারে। কিন্তু লক্ষেৗর দিকে আবার নজর দিয়েছেন স্বয়ং দলের সভাপতি রাজনাথ সিং। তিনি তাঁর কেন্দ্র গাজিয়াবাদকে নিরাপদ বলে ভাবছেন না। গাজিয়াবাদে আম আদমি পার্টির (এএপি) প্রভাব খুব বেশি। লক্ষেৗর সাংসদ লালজি ট্যান্ডনও নাছোড়। সব মিলিয়ে কী করে বিজেপি এ জট ছাড়াবে বলা কঠিন।
লালকৃষ্ণ আদভানির ভোটে দাঁড়ানোর ইচ্ছায় লাগাম পরানো যায় কি না, সেটাও আগ্রহের বিষয়। সংঘ পরিবার চায় না আদভানি দাঁড়াক। কিন্তু আদভানি অবসরের রাস্তায় হাঁটতে নারাজ। তিনি গুজরাটের গান্ধীনগর থেকে এবারও লড়তে চাইছেন।
গৃহদাহ চলছে কংগ্রেসেও। ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান দল কংগ্রেস বৃহস্পতিবার আরও ৭১ প্রার্থীর তালিকা প্রকাশ করে। সেই তালিকায় সাবেক রেলমন্ত্রী পবন কুমার বনসল ও সাবেক মন্ত্রী সুবোধকান্ত সহায়ের নাম রয়েছে। বনসল তাঁর চণ্ডীগড় কেন্দ্র থেকে ও সহায় রাঁচি থেকে লড়বেন। দুজনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছিল। এ পর্যন্ত মামলা হয়নি এ যুক্তিতে কংগ্রেস তাঁদের প্রার্থী হিসেবে পছন্দ করেছে। এ নিয়ে সমালোচনা প্রবল।
কংগ্রেস কী করে পশ্চিমবঙ্গের জট খুলবে তা এখনো অজানা। এই রাজ্যের ২৫টি কেন্দ্রের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। হুগলি ও নদীয়ার আসন নিয়ে ক্ষোভ তীব্র। জেলা কংগ্রেসের দেওয়া নাম উপেক্ষা করার খবরে প্রবীণ নেতা আবদুল মান্নান বিদ্রোহ করে বলেছেন, তেমন হলে তিনি কংগ্রেসই ছেড়ে দেবেন। আবদুল মান্নান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘জেলা স্তরের সর্বসম্মত প্রার্থী বিবেচিত না হলে আমি দল ছেড়ে দেবই। অপদার্থরা প্রার্থী হবে তা আমি দেখতে পারব না।’