কংগ্রেস কার্যালয়ের বাইরে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেসের প্রধান কার্যালয়ের সামনে গতকাল বিক্ষোভরত শিখদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে । এএফপি
কংগ্রেসের প্রধান কার্যালয়ের সামনে গতকাল বিক্ষোভরত শিখদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে । এএফপি

১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার ঘটনা নিয়ে কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের এক বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে গতকাল সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান কার্যালয়ের বাইরে শিখ সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।
এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর বলেন, কংগ্রেসের অন্য নেতারা হয়তো শিখবিরোধী দাঙ্গার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে সহিংসতায় ইন্ধন দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস নেতা জগদীশ তিতলারের কোনো ভূমিকা ছিল না।
১৯৮৪ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীদের হাতে নিহত হওয়ার পর দিল্লিতে শিখবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে, যাতে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায়। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত শিখদের স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে সেনাবাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর ওই হত্যাকাণ্ডের শিকার হন ইন্দিরা।
ওই দাঙ্গার শিকার পরিবার ও মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, যেসব কংগ্রেস নেতা ওই দাঙ্গায় ইন্ধন দিয়েছিলেন, তাঁদের মধ্যে জগদীশ তিতলার অন্যতম।
বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে দিল্লিতে পুলিশের ব্যারিকেড ভেঙে কংগ্রেসের প্রধান কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
অমরিন্দরের বিতর্কিত বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনেও সমালোচনা চলছে। অমৃতসরে অমরিন্দর সিংয়ের বিপক্ষে বিজেপির প্রার্থী অরুণ জেটলি বলেন, ‘দাঙ্গা জড়িত একজন ব্যক্তির পক্ষে এভাবে কথা বলে অমরিন্দর কি বিচারে প্রভাব ফেলার চেষ্টা করছেন? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল বলেন, অমরিন্দের ওই মন্তব্য দুঃখজনক।’
পরে এক বিবৃতিতে অমরিন্দর বলেন, ‘আমি ওই দাঙ্গাকবলিত এলাকাগুলোতে সফরের সময় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছিলাম, আমি তা-ই বর্ণনা করেছি।’ পিটিআই ও এনডিটিভি।