ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কংগ্রেস যদি সিপিএমের সঙ্গে চলতে চায়, তাহলে তারা জোট ছেড়ে যেতে পারে। তৃণমূল কংগ্রেসের একা চলার শক্তি রয়েছে।গতকাল শনিবার রাজ্য মহাকরণে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে মমতা ক্ষমতাসীন কংগ্রেসকে হুঁশিয়ার করেন। গত বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা-কর্মীদের হাতে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার পর তৃণমূলের নেত্রী মমতা এই প্রথম মুখ খুললেন।সংবাদ সম্মেলনে মমতা অভিযোগ করেন, রায়গঞ্জের তুচ্ছ একটি ঘটনাকে তিল থেকে তাল করা হয়েছে। তিনি বলেন, কংগ্রেস-সিপিএম একজোট হয়ে তৃণমূলকে হেনস্তা করার জন্য ওই কাজ করেছে। তারা তৃণমূলকে খাটো করার চক্রান্ত করছে। তবে তৃণমূলকে খাটো করা যাবে না।মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা কংগ্রেসের কেন্দ্রীয় নীতির সমালোচনা করায় বা তা মেনে না নেওয়ায় কংগ্রেস আমাদের বিরোধিতা শুরু করেছে।’