কংগ্রেস-ডিএমকে সংকট নিরসনে উদ্যোগ
তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস ও জোটের শরিক দল ডিএমকের মধ্যে সৃষ্ট সংকট নিরসনের চেষ্টা চলছে। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সোমবার রাতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ডিএমকের প্রধান করুণানিধির দুই ছেলে এম কে আলাগিরি ও দয়ানিধি মারান (তাঁরা দুজনই কেন্দ্রীয় মন্ত্রী) দিল্লিতে দেখা করেছেন। এতে অচলাবস্থা নিরসনের একটি ক্ষেত্র তৈরি হয়েছে।পদত্যাগের জন্য ডিএমকের ছয় মন্ত্রী দিল্লি এলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত তাঁরা পদত্যাগ করেননি। বিভিন্ন সূত্রে বলা হয়েছে, সংকট নিরসনের ইচ্ছে না থাকলে ডিএমকের নেতারা সোমবার রাতে সোনিয়ার সঙ্গে দেখা করতেন না। এর আগে কংগ্রেসের নেতা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ডিএমকের প্রধান করুণানিধির সঙ্গে টেলিফোনে দুই দফা আলোচনা করেন। এ সময় তিনি ডিএমকের দাবি-দাওয়া নিয়ে কংগ্রেসের অবস্থান জানানোর জন্য করুণানিধির কাছে ২৪ ঘণ্টা সময় চান।এদিকে ডিএমকের মুখপাত্র টি কে এস এলানগোভান বলেছেন, করুণানিধি ও সোনিয়া গান্ধীর মধ্যে এখনো সরাসরি কোনো আলোচনা হয়নি। এ দুই নেতার মধ্যে সরাসরি আলোচনা হলে একটা ফল আসবে বলে সংশ্লিষ্ট মহল থেকে ধারণা করা হচ্ছে।ডিএমকের নেতা আলাগিরির কার্যালয় থেকে গতকাল জানানো হয়েছে, দিল্লিতে অবস্থানরত ডিএমকের নেতারা একটি সমঝোতায় উপনীত হতে কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া।