কংগ্রেস-তৃণমূল জোটের দ্বন্দ্বের ফায়দা তুলতে চাইছে বামফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সিপিআইএমের নেতৃত্বাধীন ক্ষমতাসীন বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেস জোটের মধ্যে। তবে এ নির্বাচন ঘিরে রাজ্যে পরিবর্তনের যে হাওয়া বইছে, তাতে কংগ্রেস-তৃণমূল জোটের জয়ের সম্ভাবনা বেশি। আর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপলব্ধি করেছেন, জাতীয় কংগ্রেসকে সঙ্গে নিয়ে নির্বাচনে লড়লে জয় পাওয়াটা সহজ হবে। সে লক্ষ্যে মমতা ৬৫টি আসনে ছাড় দিয়ে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট গড়ে তোলেন। কিন্তু কংগ্রেসের আসনরফা চূড়ান্ত হওয়ার পরও মনোনয়নপত্র দাখিলের পর থেকে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে নতুন করে দ্বন্দ্ব দেখা দেয়। কংগ্রেসের অনেক নেতা তাঁদের নিশ্চিত আসনে তৃণমূলকে ছাড় দিতে রাজি নন। ফলে কংগ্রেসের নেতৃত্বের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মনোনয়নপত্র দাখিলের সময়। তৃণমূলের জন্য কংগ্রেসের ছেড়ে দেওয়া কয়েকটি আসনে ক্ষুব্ধ কংগ্রেস নেতারা নির্দলীয় প্রার্থী হয়েছেন। একইভাবে কংগ্রেসের কয়েকটি আসনেও তৃণমূলের কয়েকজন বিদ্রোহী নেতা নির্দলীয় প্রার্থী হয়েছেন। এভাবে দুই দলের অন্তত ৬০ জন প্রার্থী পরস্পরের বিরুদ্ধে লড়ছেন। কংগ্রেসের হাইকমান্ড বিদ্রোহী প্রার্থীদের ১৮ জনকে দল থেকে বহিষ্কার করেছে। অন্যদিকে শরিক দল এসইউসিআই-কে দুটি আসনে ছাড় দিয়েছেন মমতা। এর পরও কংগ্রেসের ৬৫টি আসনের ২৯টি আসনে প্রার্থী দিয়েছে এসইউসিআই। এ ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেসও এসইউসিআইয়ের দুটি আসনে প্রার্থী দিয়েছে। আর কংগ্রেস-তৃণমূলের এই দ্বন্দ্বকে পুঁজি করতে চাইছে বামফ্রন্ট। কংগ্রেস-তৃণমূল জোটে ভাঙন ধরাতে পারলে লাভ হবে বামফ্রন্টের। কারণ কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের ভোট ভাগ হওয়া মানে বামফ্রন্টের জয়ের পথ প্রশস্ত করা। এখন এই হিসাবই কষছে বামফ্রন্ট। পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিধানসভায় তৃণমূল কংগ্রেস এসইউসিআইকে দুটি, এনসিপিকে একটি ও জাতীয় কংগ্রেসকে ৬৫টি আসন ছাড় দিয়েছে। বাকি ২২৬টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে। কিন্তু নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরের কংগ্রেসের নেতারা এ সিদ্ধান্ত মানতে পারেননি। কারণ এ চার জেলায় তৃণমূলের চেয়ে কংগ্রেসই শক্তিশালী। তাই বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা এ চার জেলায় বিদ্রোহী প্রার্থীদের দাঁড় করিয়ে দেন। এদিকে কংগ্রেস-তৃণমূল জোট কংগ্রেসের চার বিধায়ককেও মনোনয়ন দেয়নি। এতে এই বিধায়কেরাও নির্দলীয় প্রার্থী হয়েছেন।