কংগ্রেস-তৃণমূল ঠান্ডা লড়াই শুরু
ভারতের কেন্দ্রীয় সরকারে থেকে আট মাস ধরে ভালোই চলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোট রাজনীতির ধর্ম পালন করেই ছিলেন রাজনীতির ময়দানে। কিন্তু হঠাত্ করে ৯ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা। এরপর থেকে শুরু হয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের ঠান্ডা লড়াই।৯ জানুয়ারিতে আয়োজিত এক অনুষ্ঠানে মমতা বলেন, পশ্চিমবঙ্গের জঙ্গল মহলে মাওবাদী দমনের জন্য যৌথ বাহিনীর অভিযান তিনি সমর্থন করেন না। তিনি চান যৌথ বাহিনীর অভিযান বন্ধ হোক। তিনি আরও বলেন, দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারও সমান দায়ী।শুধু এ কথা বলে ক্ষান্ত হননি তিনি। সন্ত্রাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১২ জানুয়ারি মমতা এক ঘণ্টার জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এতে ব্যাহত হয়ে পড়ে কলকাতার জীবনযাত্রা। ওই দিন দুপুরে কলকাতার উল্টোডাঙ্গা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মমতার অবরোধের কারণে দমকলের গাড়ি ঢুকতেও বাধা পায়।সরকারে থেকে আবার সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ভালো চোখে নেয়নি কংগ্রেস হাইকমান্ড। ১৬ জানুয়ারি কলকাতায় আসেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কলকাতার দুটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানানো হলেও তাতে যোগ দেননি কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা। বরং কলকাতার জনপথে সন্ত্রাস এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ওই দিন রাস্তায় নামেন তিনি।শুধু তা-ই নয়, এর আগে ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী মনমোহন সিং কলকাতায় এসে জ্যোতি বসুকে দেখতে যান হাসপাতালে। মমতা তখনো কলকাতায় ছিলেন। কিন্তু সৌজন্য সাক্ষাত্ করেননি প্রধানমন্ত্রীর সঙ্গে। এ ছাড়া গত মঙ্গলবার জ্যোতি বসুর অন্তিমযাত্রায় যোগ দিতে কলকাতায় আসেন কংগ্রেস সভানেত্রী এবং ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এ সময়ও কলকাতায় থাকার পরও সোনিয়ার সঙ্গে দেখা করেননি মমতা।এসব ঘটনার পর প্রকাশ্যে না হলেও পরোক্ষভাবে শুরু হয় কংগ্রেস-তৃণমূল ঠান্ডা লড়াই। এ ব্যাপারে গত বুধবার দিল্লিতে কংগ্রেস মুখপাত্র অভিষেক সিংভিকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। তিনি জানান, তৃণমূলের সঙ্গে তাদের জোট অটুট রয়েছে।