কংগ্রেস নেতাদের সঙ্গে সোনিয়ার বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নয়াদিল্লির ১০ জনপথ রোডে সোনিয়ার বাসভবনে গতকাল সোমবার এ বৈঠক হয়। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের মন্ত্রিসভায় শিগগিরই গুরুত্বপূর্ণ রদবদল করা হবে।বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সড়ক ও পরিবহনমন্ত্রী সি পি যোশী। তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল রায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রেলমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর থেকে সি পি যোশী ওই মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চ্যাবনের সঙ্গেও গতকালের বৈঠকে আলোচনা করেন সোনিয়া। কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় নারায়ণ রানে ও অন্যদের পাশাপাশি পৃথ্বিরাজের নামও আলোচনায় রয়েছে। মহারাষ্ট্র রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা মোহন প্রকাশও সোনিয়ার সঙ্গে দেখা করেন। বৈঠকে আরও অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী গোলাম নবী আজাদ, কংগ্রেসের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মতিলাল ভোরা ও সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। পিটিআই, আইএএনএস।